বঙ্গবীর ওসমানীর জন্মবার্ষিকী আজ

বঙ্গবীর ওসমানীর জন্মবার্ষিকী আজ - Surma Times | Sylhet News

বঙ্গবীর ওসমানীর জন্মবার্ষিকী আজ - Surma Times | Sylhet Newsসিলেট, ১ সেপ্টেম্বর: মহান মুক্তিযুদ্ধকালীন মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি বঙ্গবীর জেনারেল মহম্মদ আতাউল গণি ওসমানীর জন্মবার্ষিকী আজ। ১৯১৮ সালের ১ সেপ্টেম্বর সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি।

ওসমানীর আদি পুরুষের বাড়ি সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীরে। বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ করে তিনি তৎকালীন সেনাবাহিনীতে যোগ দেন।

১৯৩৯ সালে রয়্যাল আর্মড ফোর্সে ক্যাডেট হিসেবে যোগ দেন ওসমানী। দেরাদুনে ব্রিটিশ-ভারতীয় মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ শেষে ১৯৪০ সালে ব্রিটিশ সেনাবাহিনীতে কমিশনড অফিসার হিসেবে যোগ দেন। ১৯৪২ সালে মেজর পদে উন্নীত হন। সে বছরই তিনি ছিলেন ব্রিটিশ সরকারের সর্বকনিষ্ঠ মেজর।

১৯৫৬ সালে কর্নেল পদমর্যাদা লাভ করেন। সেনাবাহিনীর হেডকোয়ার্টারের জেনারেল স্টাফ অ্যান্ড মিলিটারি অপারেশনের ডেপুটি ডিরেক্টরের দায়িত্ব পান। পাকিস্তান সেনাবাহিনী থেকে ১৯৬৭ সালের ১৬ ফেব্রুয়ারি অবসর গ্রহণ করেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে ওসমানী সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন। একাত্তরের ১১ এপ্রিল প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ভাষণ দেন। ওই ভাষণে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর অবকাঠামো গঠনের কথা উল্লেখ করে এম এ জি ওসমানীকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে ঘোষণা দেন।

১৯৭১ সালের ১৭ এপ্রিল গঠিত হয় মুজিবনগর সরকার। ওসমানীকে করা হয় মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি।

ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসার্থে লন্ডন থাকাকালীন ১৯৮৪ সালের ১৬ ফেব্রুয়ারি এমএজি ওসমানী মৃত্যুবরণ করেন। তাকে পূর্ণ সামরিক মর্যাদায় সিলেটে সমাহিত করা হয়।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article