সুরমা টাইমস ডেস্কঃ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের জন্য আধুনিক ও উন্নত সেবা নিশ্চিত করতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বুধবার বিমানবন্দরে চলমান কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, বয়োজ্যেষ্ঠ, অসুস্থ ও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য লাগেজ ব্যবস্থাপনা, সহায়ক সেবা এবং প্রাথমিক চিকিৎসা সুবিধা জোরদার করা হচ্ছে।
তিনি জানান, প্রবাসীরা যাতে কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সেজন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্ত্রী বলেন, বিপুলসংখ্যক প্রবাসীর যাতায়াত বিবেচনায় নিরাপত্তা জোরদার, রাতের ফ্লাইটে নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণ এবং শিশুদের জন্য ‘কিডস জোন’ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
মালয়েশিয়া সফর প্রসঙ্গে তিনি জানান, সফরটি ফলপ্রসূ হয়েছে এবং শ্রমবাজার পুনরায় চালু ও জনশক্তি রপ্তানিতে ইতিবাচক অগ্রগতি হয়েছে। আগামী জুলাইয়ে মালয়েশিয়ার মানবসম্পদ ও স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি আশা করা হচ্ছে।
মাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা প্রসঙ্গে তিনি বলেন, এ খাতে কোনো অনিয়ম বরদাশত করা হবে না। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে জবাবদিহিমূলক কাঠামো গড়ে তোলা হবে।
কাতারে নিহত বাংলাদেশিদের বিষয়ে তিনি জানান, মরদেহ দেশে আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়ার বিষয়টি সরকার অগ্রাধিকার দিচ্ছে।
পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।






