সিলেট আইডিয়াল কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আবেগঘন পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করা হয়।
মঙ্গলবার কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ আবুল হাশেম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. ঈসমাইল হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জীবনের শুরু থেকেই মানুষ স্বপ্ন দেখতে শেখে এবং সেই স্বপ্নই তাকে এগিয়ে নিয়ে যায়। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, উচ্চমাধ্যমিক পেরিয়ে নতুন জীবনের পথে এগিয়ে যাওয়ার এ সময়ে অধ্যবসায় ও লক্ষ্য স্থির রাখাই সাফল্যের চাবিকাঠি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং শিক্ষাবিদ মিয়া মো. আবদুল বারী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক নুরুর রহমানসহ শিক্ষক-শিক্ষার্থীরা।
প্রভাষক সুব্রত দেবনাথের সঞ্চালনায় কোরআন তেলাওয়াত ও গীতাপাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন সাহিদা বেগম, যিনি কলেজ জীবনের স্মৃতি তুলে ধরেন। এছাড়া শিক্ষার্থী সোপা বেগমের দেশাত্মবোধক গান অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের হাতে স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়। শেষে দোয়া মাহফিলের মাধ্যমে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি






