সুরমা টাইমস ডেস্কঃ হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে প্রশাসনের দানবাক্স স্থাপন ও পুরনো ডেগ সিলগালা করার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে সিলেটের সচেতন নাগরিক সমাজ। এক যৌথ বিবৃতিতে তারা এই পদক্ষেপকে আকস্মিক, অপ্রচলিত এবং ঐতিহ্যের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে উল্লেখ করেছেন।
বিবৃতিতে বলা হয়, মাজারের দান-অনুদানের স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন হলেও তা হতে হবে আইনি কাঠামোর মধ্যে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর অংশগ্রহণে। আদালতের নির্দেশনা বা সুস্পষ্ট এখতিয়ার ছাড়া প্রশাসনের এমন সরাসরি হস্তক্ষেপ জনমনে প্রশ্ন ও অসন্তোষ তৈরি করেছে।
নাগরিক সমাজের মতে, শতাব্দীপ্রাচীন এই দরগাহ কেবল একটি স্থাপনা নয়; এটি সুফি ঐতিহ্য, আধ্যাত্মিকতা এবং মানুষের বিশ্বাসের কেন্দ্র। তাই এর ব্যবস্থাপনায় যেকোনো পরিবর্তন আনতে হলে স্থানীয় প্রতিনিধি, দরগাহ কর্তৃপক্ষ, আলেম-উলামা এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ও ঐকমত্য জরুরি ছিল।
তারা আরও বলেন, পুলিশি উপস্থিতি ও কঠোর প্রশাসনিক পদ্ধতিতে এ উদ্যোগ বাস্তবায়ন করা সিলেটের সামাজিক ও সাংস্কৃতিক বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক। এতে জনমনে সন্দেহ ও অস্বস্তি তৈরি হয়েছে।
বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করা হয়, এ ধরনের পদক্ষেপ মাজারকেন্দ্রিক ঐতিহ্য ও সংস্কৃতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং একটি বিশেষ মহলের উদ্দেশ্য বাস্তবায়নের সঙ্গে সম্পর্কিত কি না—সে প্রশ্নও উঠেছে।
সচেতন নাগরিকরা দ্রুত এই পরিস্থিতির সমাধানে সংলাপের আহ্বান জানিয়েছেন। তারা প্রশাসন, জনপ্রতিনিধি ও দরগাহ সংশ্লিষ্টদের সমন্বয়ে গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করার ওপর গুরুত্বারোপ করেন।
একই সঙ্গে তারা মাজার প্রাঙ্গণ থেকে প্রশাসনিক নিয়ন্ত্রণ, দানবাক্স ও নিরাপত্তা বেষ্টনী প্রত্যাহারের দাবি জানিয়েছেন এবং ঐতিহ্য, আইন ও জনআস্থার মধ্যে ভারসাম্য রক্ষার আহ্বান জানিয়েছেন।
এই বিবৃতিতে দেশের বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, আইনজীবী, চিকিৎসক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রবাসী প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা স্বাক্ষর করেছেন।






