জকিগঞ্জ সীমান্তে নিখোঁজ যুবক, পাঁচ দিনেও মেলেনি সন্ধান, বাড়ছে রহস্য

জকিগঞ্জ সীমান্তে নিখোঁজ যুবক, পাঁচ দিনেও মেলেনি সন্ধান, বাড়ছে রহস্য - Surma Times | Sylhet News

জকিগঞ্জ সীমান্তে নিখোঁজ যুবক, পাঁচ দিনেও মেলেনি সন্ধান, বাড়ছে রহস্য - Surma Times | Sylhet Newsজকিগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের জকিগঞ্জ সীমান্তে নিখোঁজ যুবক ডিপজল আহমদকে ঘিরে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। নিখোঁজের পাঁচ দিন পেরিয়ে গেলেও তাঁর কোনো সন্ধান না মেলায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ চরমে পৌঁছেছে। স্থানীয়দের দাবি, বিএসএফ গুলি করে তাকে নিয়ে গেছে। তবে এ অভিযোগ সরাসরি অস্বীকার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।

নিখোঁজ ডিপজল আহমদ (২৬) জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের দিগালিগ্রাম গ্রামের বাসিন্দা আহমদ আলীর ছেলে। গত ১৫ জুন সীমান্ত এলাকায় কাজের উদ্দেশ্যে গেলে আর ফেরেননি তিনি। তাঁর সঙ্গে থাকা অন্যরা বাড়ি ফিরলেও ডিপজল নিখোঁজ থাকেন। এ ঘটনায় চার দিন পর ১৯ জুন জকিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন তাঁর বাবা।

স্থানীয় সূত্র জানায়, সীমান্ত দিয়ে মহিষ আনতে গিয়ে বিএসএফের গুলিতে ডিপজল আহত বা নিহত হয়েছেন এবং পরে তাকে ভারতের অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়েছে বলে এলাকায় খবর ছড়িয়ে পড়ে। তবে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রমাণ পাওয়া যায়নি।

প্রথমদিকে বিষয়টি অস্বীকার করে বিজিবি-১৯ ব্যাটালিয়ন। পরে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে বিজিবি। বৈঠকে বিএসএফ জানায়, ডিপজল আহমদ নামে কোনো ব্যক্তির বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।

বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী বলেন, ডিপজলের সঙ্গে থাকা লোকজন গুলির ঘটনার কথা জানিয়েছেন। কিন্তু পরে বিএসএফের অস্বীকার করাটা প্রশ্নের জন্ম দিচ্ছে।

এদিকে ঘটনাকে ঘিরে উত্তেজনার মধ্যে তিন্নখাল এলাকা থেকে রঞ্জিত দাস নামে এক ভারতীয় নাগরিককে আটক করে স্থানীয়রা। পরে বিজিবির মাধ্যমে তাকে বিএসএফের কাছে ফেরত দেওয়া হয়।

জকিগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, নিখোঁজের ঘটনায় জিডি হয়েছে এবং তদন্ত চলছে। ডিপজল বিএসএফের কাছে আছেন, নাকি অন্য কোথাও রয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পাঁচ দিনেও কোনো খোঁজ না মেলায় ডিপজলের পরিবার চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। এলাকাবাসীও দ্রুত তার সন্ধান ও ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। সীমান্তজুড়ে তৈরি হয়েছে অজানা আশঙ্কা ও চাপা উত্তেজনা।

জকিগঞ্জ সীমান্তে বাংলাদেশি যুবক নিখোঁজ, বিএসএফের গুলিতে নিহতের অভিযোগ

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article