লন্ডনে খেলাফত মজলিসের সমাবেশে আবুল হাসান, টাকা পাচার বন্ধে জোর

লন্ডনে খেলাফত মজলিসের সমাবেশে আবুল হাসান, টাকা পাচার বন্ধে জোর - Surma Times | Sylhet News
লন্ডনে খেলাফত মজলিসের সমাবেশে আবুল হাসান, টাকা পাচার বন্ধে জোর - Surma Times | Sylhet News
খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখা আয়োজিত গণ সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখছেন সিলেট-০৫ আসনের সংসদ সদস্য ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুফতি আবুল হাসান এমপি

লন্ডন, ৮ আগস্ট: উন্নয়নশীল দেশের তালিকায় বাংলাদেশ এখনো অনেক পিছিয়ে বলে মন্তব্য করেছেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুফতি আবুল হাসান। তিনি বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মতো বেশ কিছু দেশ শক্তিশালী রপ্তানি নীতি, মানবসম্পদ উন্নয়ন ও সুশাসনের মাধ্যমে নিজেদের অর্থনৈতিক অবস্থা বদলে দিয়েছে।

শনিবার (৮ আগস্ট) বিকেল সাতটায় ইস্ট লন্ডনস্থ ফোর্ডস্কয়ার মসজিদ কনফারেন্স হলে খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখা আয়োজিত এক গণসমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি আবুল হাসান বলেন, বিদেশে টাকা পাচার বন্ধ করা গেলে, মেধার ভিত্তিতে যোগ্যদের নিয়োগ ও পদোন্নতি নিশ্চিত করা গেলে এবং চামড়া, পাট ও তথ্যপ্রযুক্তির মতো সম্ভাবনাময় খাতের আশানুরূপ বিকাশ ঘটানো গেলে বাংলাদেশ দ্রুতই একটি শীর্ষ সারির উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত হবে।

দেশের অর্থনৈতিক সংকটে প্রবাসীদের অবদানের কথা স্মরণ করে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তার ভাষায়, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি টিকিয়ে রাখতে এবং দেশকে এগিয়ে নিতে অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করছে, যা জাতি চিরকাল কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে।

ভবিষ্যৎ প্রজন্মকে দেশের যোগ্য কাণ্ডারি হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আদর্শ, সুশৃঙ্খল ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণের জন্য সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। জাগতিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় জ্ঞান অর্জনও অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, ধর্মীয় অনুশাসন ও সঠিক নৈতিক শিক্ষা ছাড়া কখনো আদর্শ চরিত্র গঠন সম্ভব নয়। সৎ, খোদাভীরু, দেশপ্রেমিক এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত প্রজন্মই আগামী দিনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তুলতে দলমত নির্বিশেষে সবাইকে সুশাসন প্রতিষ্ঠাসহ ঘুষ, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে হবে, এর কোনো বিকল্প নেই।

শাখা সভাপতি মাওলানা সাদিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কারীম মামরোখানীর পরিচালনায় অনুষ্ঠিত এই গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের নায়েবে আমির অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ। তিনি বলেন, সমাজে সৎ ও আদর্শবান নেতৃত্ব আজ খুবই প্রয়োজন। মুফতি আবুল হাসান এমপির ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, সিলেট-৫ আসনের জনগণ প্রতিনিধি নির্বাচনে ভুল করেনি এবং তাদের নির্বাচিত এই প্রতিনিধি আজ সারা বাংলাদেশে সৎ ও আদর্শবান নেতৃত্বের মডেল হিসেবে আবির্ভূত হয়েছেন। এমন সৎ ও যোগ্য নেতৃত্ব দেশের প্রতিটি সংসদীয় আসনে গড়ে তুলতে খেলাফত মজলিস কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী বর্তমান সরকারের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, বিএনপি সরকার ফ্যাসিবাদের পথে হাঁটছে এবং জুলাই সনদ প্রসঙ্গে জাতীয় নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে তারা। জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে পতিত শেখ হাসিনার সরকারের পরিণতি ভোগ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

আন্তর্জাতিক ক্বারী শায়েখ হাফিজ আহমাদ হাসানের কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব আলহাজ্ব সদরুজ্জামান খান, যুক্তরাজ্য নর্থ শাখার সভাপতি মুফতি তাজুল ইসলাম, কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা শওকত আলী এবং যুক্তরাজ্য নর্থ শাখার সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হাসান ছাবীর।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউন্সিল অব মস্কের চেয়ারম্যান শায়েখ হাফিজ মাওলানা শামসুল হক, হেফাজতে ইসলাম ইউকের সভাপতি শায়খুল হাদিস মাওলানা আব্দুর রহমান মনোহরপুরী, উলামা মাশায়েখ ইউকের সাবেক সভাপতি শায়েখ মাওলানা মওদুদ হাসান, প্রবীণ সাংবাদিক ও বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব এ কে এম আবু তাহের চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ইউকে শাখার সভাপতি ড. মাওলানা শুয়াইব আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ, যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মুফতি সালেহ আহমদ, জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ, জকিগঞ্জ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি কামাল এম সি রহমান, সাধারণ সম্পাদক আবুল হুসাইন, ইসলামিক টিচার্স অ্যাসোসিয়েশন ইউকের সাবেক সভাপতি মাওলানা আবুল হাসনাত চৌধুরী, কাউন্সিলর মাওলানা ইলিয়াস আহমদ এবং শহীদ ওসমান হাদীর বড় ভাই শরীফ উমর হাদী।

আরও বক্তব্য রাখেন বিয়ানিবাজার উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আজিজ, যুক্তরাজ্য সাউথ শাখার সহসভাপতি হাফিজ মাওলানা এনামুল হক, যুক্তরাজ্য নর্থ শাখার সহসভাপতি মাওলানা সুলতান মাহমুদ, বার্মিংহাম শাখার সহসভাপতি শাহেদ আহমদ ও সাধারণ সম্পাদক মাওলানা হুসাইন আহমদ, কেম্ব্রিজ শাখার সভাপতি মাওলানা নুমান উদ্দিন, লুটন শাখার সভাপতি মাওলানা মাসরুর আহমদ বুরহান, সাউথএন্ড শাখার সভাপতি মাওলানা আশরাফুল মাওলা এবং লন্ডন মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা জাবির আহমদ।

এছাড়া উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা আব্দুল কাদির, হাফিজ শেখ মুশতাক আহমদ, আব্দুল করিম উবায়েদ, মাওলানা আতাউর রহমান জাকির, হাফিজ মাওলানা কামরুল হাসান খান, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা মাহবুবুর রহমান তালুকদার, ড. আহজাবুল হক, কাজী মাওলানা আব্দুর রহমান, মোহাম্মদ আব্দুল গফুর, মাওলানা সালেহ আহমাদ ভূঁইয়া, মাওলানা ফুজায়েল আহমাদ নাজমুল, মাওলানা নুরুল আমীন, মুফতি মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা আনিসুর রহমান, মাওলানা দিলওয়ার হোসাইন, মাওলানা আব্দুল খালিক শাহেদ, মাওলানা কাজী ইমদাদুল হক ছাকিব, তাওফিকুল ইসলাম ছাবির, হাফিজ মাওলানা আরশাদ হোসাইন ও ফখরুল আবদীন মুর্শেদসহ আরও অনেকে।

গণসমাবেশে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও বিপুলসংখ্যক স্থানীয় প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। মোনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘটে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article