প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, শ্রমবাজারে সম্ভাবনার হাতছানি

আনসার-ভিডিপি হবে প্রযুক্তিনির্ভর মানবিক বাহিনী: প্রধানমন্ত্রী - Surma Times | Sylhet News

আনসার-ভিডিপি হবে প্রযুক্তিনির্ভর মানবিক বাহিনী: প্রধানমন্ত্রী - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রোববার প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর যাচ্ছেন। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুই দিনের এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরকালে দুই দেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক ও দুটি নোট অব এক্সচেঞ্জ সই হতে পারে। বিশেষ গুরুত্ব পাবে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু এবং অনিয়মিত বাংলাদেশি কর্মীদের বৈধতা দেওয়ার বিষয়টি।

এছাড়া বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষা সহযোগিতা এবং শ্রমখাতে পারস্পরিক সহযোগিতার বিষয়েও আলোচনা হবে।

সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করবেন তারেক রহমান। পরে দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এতে জ্বালানি, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্পসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সফরের অংশ হিসেবে প্রবাসী বাংলাদেশি, ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সঙ্গেও মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি মালয়েশিয়ার বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

এই সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জোবাইদা রহমানসহ একটি ছোট প্রতিনিধি দল। পররাষ্ট্র সচিব জানিয়েছেন, সফরসঙ্গী দলের সদস্য সংখ্যা সীমিত রাখা হয়েছে।

মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী চীন সফরে যাবেন। ২৩ থেকে ২৬ জুন পর্যন্ত চীনে অবস্থান শেষে তিনি ঢাকায় ফিরবেন।

সংশ্লিষ্টরা বলছেন, এই সফর মালয়েশিয়ায় কর্মরত ও অপেক্ষমাণ লাখো বাংলাদেশির জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article