স্টাফ রিপোর্টার: বাংলাদেশের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই পররাষ্ট্রনীতি নির্ধারণ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেছেন, যেখানে প্রয়োজন হবে, বাংলাদেশ সেখানেই যাবে এবং এ সিদ্ধান্ত অন্য কেউ নির্ধারণ করবে না।
শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর আসন্ন চীন ও মালয়েশিয়া সফর প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
হুমায়ুন কবির বলেন, যুক্তরাষ্ট্র, চীন বা ভারতের সঙ্গে সম্পর্ক নির্ধারণে বাংলাদেশ নিজস্ব সিদ্ধান্ত নেবে। দেশের স্বার্থে যেখানেই প্রয়োজন হবে, সেখানেই কূটনৈতিক যোগাযোগ বাড়ানো হবে।
তিনি দাবি করেন, বর্তমানে বাংলাদেশ বড় শক্তিগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সক্ষম হয়েছে। ওয়াশিংটন, বেইজিং, ইউরোপ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে সমন্বয় রেখে এগোচ্ছে সরকার।
চীন সফর প্রসঙ্গে তিনি বলেন, চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। অন্যদিকে মালয়েশিয়া মুসলিম বিশ্বের একটি গুরুত্বপূর্ণ দেশ, যেখানে বাংলাদেশের কৌশলগত স্বার্থ জড়িত রয়েছে।
তিনি আরও জানান, বাংলাদেশ আসিয়ানের সদস্যপদ অর্জন এবং সিপিটিপিপি বাজারে প্রবেশের বিষয়েও কাজ করছে। এসব বিষয় সফরকালে আলোচনায় আসবে।
উপদেষ্টা বলেন, বাংলাদেশ এখন বৈশ্বিক অঙ্গনে একটি সক্রিয় অংশীদার হিসেবে নিজ অবস্থান শক্তিশালী করতে চায়। তবে সব কিছুর আগে জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়া হবে।
তিনি জানান, প্রধানমন্ত্রীর সফরে প্রতিনিধি দল সীমিত রাখা হয়েছে। মালয়েশিয়া সফরে ২৭ জন এবং চীন সফরে ২৮ জন থাকবেন, যাতে অপ্রয়োজনীয় ব্যয় এড়ানো যায়।






