স্টাফ রিপোর্টার: সিলেট নগরীতে অনলাইন জুয়া চক্রের আস্তানায় অভিযান চালিয়ে ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়।
বৃহস্পতিবার কোতোয়ালী থানার কাজিরবাজার মোগলটুলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন মোবাইল অ্যাপের মাধ্যমে ১০ টাকায় ৮০০ টাকা পাওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে জুয়ার ফাঁদে ফেলত। এভাবে তারা অংশগ্রহণকারীদের কাছ থেকে কমিশন আদায় করত।
অভিযানে আটকরা হলেন জীবন আহমদ, সুমন মিয়া, জুয়েল আহমদ ছানাউল্লাহ, সানি, ইমন খাঁন বাদল, আজিজুর রহমান, নমিরুল ইসলাম, মধু দেবনাথ ও মমিনুল।
র্যাবের দাবি, জব্দকৃত মোবাইল ফোনগুলো পরীক্ষা করে অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত পাওয়া গেছে।
এ ঘটনায় কোতোয়ালী থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
র্যাব জানিয়েছে, নগরীতে অনলাইন জুয়া ও সাইবার অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
—






