স্টাফ রিপোর্টার: দেশের পুলিশ বাহিনীর পোশাকে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের শার্ট হবে গাঢ় নীল এবং প্যান্ট হবে খাকি রঙের। মহানগর পুলিশের জন্য শার্ট নির্ধারণ করা হয়েছে হালকা জলপাই রঙের।
বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, পুলিশ অধ্যাদেশ অনুযায়ী আইজিপি সরকারের অনুমোদনক্রমে পুলিশ ড্রেস রুলস ২০২৫ সংশোধন করেছেন।
নতুন বিধানে পুলিশের জার্সি, জ্যাকেট, কার্ডিগান, পুলওভারসহ শীতকালীন পোশাকের রঙেও পরিবর্তন আনা হয়েছে। সাধারণ পুলিশ সদস্যদের জ্যাকেট হবে গাঢ় নীল, আর মহানগর পুলিশের জন্য নির্ধারণ করা হয়েছে হালকা জলপাই রঙের জ্যাকেট।
এর আগে পুলিশের শার্ট ছিল ধূসর এবং প্যান্ট ছিল কফি-বাদামি ধূসর রঙের। নতুন সিদ্ধান্তে সেই পুরনো রঙের বিধান বাতিল করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, জেলা পুলিশসহ বিভিন্ন ইউনিটের ট্রাউজার হবে খাকি রঙের টিসি টুইল কাপড়ের এবং শার্ট হবে গাঢ় নীল টিসি প্লেইন ফেব্রিকের। শার্টে চারটি পকেট ও সামনে সাতটি বোতাম থাকবে।
নারী পুলিশ সদস্যদের পোশাকেও পরিবর্তন আনা হয়েছে। তারা চাইলে গাঢ় নীল শাড়ি ও ব্লাউজ পরতে পারবেন। মহানগর পুলিশের ক্ষেত্রে শাড়ির সঙ্গে হালকা জলপাই রঙের ব্লাউজ নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রয়োজন অনুযায়ী মাথার আবরণ ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।
গ্রীষ্মকালে অর্ধহাতা এবং শীতকালে পূর্ণহাতা শার্ট পরার নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে পুলিশের পোশাক পরিবর্তনের দাবি ওঠার পর এই সংশোধন আনা হলো।
—






