শাহজালাল মাজারে ট্যুরিস্ট পুলিশের কড়া নজর, দান ব্যবস্থায়ও বড় পরিবর্তন

শাহজালাল মাজারে ট্যুরিস্ট পুলিশের কড়া নজর, দান ব্যবস্থায়ও বড় পরিবর্তন - Surma Times | Sylhet News

শাহজালাল মাজারে ট্যুরিস্ট পুলিশের কড়াকড়ি, দর্শনার্থীদের স্বস্তি - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারকে ঘিরে নিরাপত্তা ও ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শুরু হয়েছে। ট্যুরিস্ট পুলিশের তৎপরতা বাড়ানোর পাশাপাশি দানের অর্থে স্বচ্ছতা আনতে প্রশাসনের একাধিক পদক্ষেপে নতুন চিত্র দেখা যাচ্ছে মাজার এলাকায়।

বৃহস্পতিবার সকাল থেকেই মাজারের প্রধান ফটকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ট্যুরিস্ট পুলিশের সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। নিয়মিত টহল ও নজরদারির মাধ্যমে দর্শনার্থীদের নিরাপত্তা, হয়রানি প্রতিরোধ এবং শৃঙ্খলা রক্ষায় জোর দেওয়া হচ্ছে।

ট্যুরিস্ট পুলিশ সিলেট জোনের পরিদর্শক রঞ্জন সামন্ত জানান, মাজারে আগত দেশি-বিদেশি পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। কোনো সমস্যা হলে দ্রুত সহায়তা দেওয়ার জন্য তারা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছেন।

দর্শনার্থীরাও এই পরিবর্তনে সন্তোষ প্রকাশ করেছেন। নোয়াখালী থেকে আসা এক ভক্ত বলেন, আগের তুলনায় এখন অনেক বেশি নিরাপদ মনে হচ্ছে। কিশোরগঞ্জ থেকে আসা আরেক দর্শনার্থী জানান, পরিবার নিয়ে মাজারে আসতে এখন স্বস্তি বাড়ছে।

অন্যদিকে, মাজারের দান ব্যবস্থাপনাতেও বড় পরিবর্তন এনেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল বাছিত মোল্লার নেতৃত্বে মাজারের দানের তিনটি ডেগে সিলগালা করা হয়। একই সঙ্গে প্রশাসনের তত্ত্বাবধানে নতুন দানবাক্স স্থাপন করা হয়েছে।

প্রশাসন জানিয়েছে, এখন থেকে সব দান নির্ধারিত বাক্সে জমা হবে এবং আনসার সদস্যদের মাধ্যমে এর নিরাপত্তা নিশ্চিত করা হবে। লক্ষ্য হচ্ছে দানের অর্থ সংগ্রহ ও ব্যবস্থাপনাকে সুশৃঙ্খল ও স্বচ্ছ করা।

এর আগে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে যৌথভাবে হিসাব সংরক্ষণ, ডিজিটাল ব্যবস্থাপনা এবং নিয়মিত অডিটের উদ্যোগের কথা জানান।

সংশ্লিষ্টরা বলছেন, নিরাপত্তা জোরদার ও আর্থিক স্বচ্ছতার এই উদ্যোগ বাস্তবায়ন হলে সিলেটের এই ঐতিহাসিক মাজারগুলো আরও বেশি পর্যটকবান্ধব ও সুশৃঙ্খল হয়ে উঠবে।

 

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article