জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ সিলেটের জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের দিঘালী সীমান্তে এক বাংলাদেশি যুবক নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের সময় বিএসএফের গুলিতে ডিপজল আহমদ (২৫) নামে ওই যুবক নিহত হয়েছেন। ঘটনার জের ধরে ক্ষুব্ধ স্থানীয় যুবকরা এক ভারতীয় নাগরিককে ধরে বাংলাদেশে নিয়ে আসেন। পরে বিজিবির হস্তক্ষেপে তাকে ফেরত দেওয়া হয়।
স্থানীয় সূত্র জানায়, জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের দিঘালী গ্রামের আহমদ আলীর ছেলে ডিপজল আহমদসহ ৪-৫ জন যুবক গতকাল সোমবার রাতে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিতে ডিপজল আহমদ গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন বলে তার সঙ্গীরা দাবি করেছেন। অন্য যুবকরা বাংলাদেশে ফিরে এলেও এরপর থেকে ডিপজলের কোনো খোঁজ মিলছে না।
ঘটনার পরপরই বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথমদিকে বিএসএফ বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি অস্বীকার করে। পরে বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার সীমান্ত এলাকা পরিদর্শন করেন।
ভারতীয় নাগরিককে আটকের ঘটনা
ডিপজলের মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়লে সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মঙ্গলবার সকালে স্থানীয় কয়েকজন যুবক ভারতের শ্রীভূমি জেলার রাজারটিলা জিপির কিন্নখাল এলাকার বাসিন্দা রঞ্জিত দাস (৬০) নামে এক ভারতীয় কৃষককে শূন্যরেখা এলাকা থেকে ধরে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসেন। ঘটনাটি জানাজানি হলে সীমান্তের ওপারেও উত্তেজনা সৃষ্টি হয়।
মঙ্গলবার রাত ৯টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকে রঞ্জিত দাসকে অক্ষত অবস্থায় ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু জানান, পতাকা বৈঠকে বিএসএফ প্রথমে ঘটনা অস্বীকার করলেও বুধবার দুপুরে ডিপজলের মৃত্যুর বিষয়টি স্বীকার করে মরদেহ ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছে।
পুলিশ ও বিজিবির অবস্থান
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, “লোকমুখে শুনেছি, একজন বাংলাদেশি নাগরিক ভারতীয় ভূখণ্ডে প্রবেশের পর নিখোঁজ হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে একজন ভারতীয় নাগরিককে আটকের খবরও পেয়েছি। তবে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। সীমান্তসংক্রান্ত বিষয় হওয়ায় বিজিবির পাশাপাশি পুলিশও সার্বক্ষণিক খোঁজখবর রাখছে।”
স্থানীয়রা দ্রুত ডিপজল আহমদের মরদেহ ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন। এ ধরনের সীমান্ত ঘটনায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও উঠে এসেছে। বিষয়টি নিয়ে উভয় দেশের কর্তৃপক্ষের মধ্যে আরও আলোচনা চলছে।






