নদীর জন্য মানুষ, মানুষের জন্য নদী! সিলেটে জমকালো নদী মেলা ২০২৬

নদীর জন্য মানুষ, মানুষের জন্য নদী! সিলেটে জমকালো নদী মেলা ২০২৬ - Surma Times | Sylhet News

নদীর জন্য মানুষ, মানুষের জন্য নদী! সিলেটে জমকালো নদী মেলা ২০২৬ - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস রিপোর্টঃ সিলেটে অনুষ্ঠিত হয়েছে ‘নদী মেলা ২০২৬’। নদী সংরক্ষণে জনসম্পৃক্ততা আরও বাড়াতে এই মেলা আয়োজন করা হয়েছে।

সোমবার (১৫ জুন) সিলেট বিমানবন্দর এলাকার গ্রান্ড সিলেটের হলরুমে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) আয়োজিত এই মেলায় প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। এদেশের মানুষের জীবন-জীবিকা, অর্থনীতি, কৃষি ও সংস্কৃতি সবই নদীকেন্দ্রিক। কিন্তু জলবায়ু পরিবর্তন, নদীভাঙন, নাব্যতা সংকট, দূষণ ও অবৈধ দখলের কারণে নদীগুলো এখন বড় হুমকির মুখে।

তিনি আরও বলেন, “সরকার ইতোমধ্যে নদী পুনঃখনন, তীর সংরক্ষণ, পানি প্রবাহ নিশ্চিতকরণ, জীববৈচিত্র্য রক্ষা ও বৃক্ষরোপণসহ নানা উদ্যোগ নিয়েছে। তবে শুধু সরকারি প্রচেষ্টায় হবে না। নদী রক্ষায় স্থানীয় জনগণ, গবেষক, উন্নয়ন সংস্থা ও নাগরিক সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।”

“নদী মেলা ২০২৬ নদী বিষয়ে সচেতনতা বাড়াতে এবং সব অংশীজনের মধ্যে সমন্বয় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে,” বলেন প্রতিমন্ত্রী।

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সিএনআরএসের প্রোগ্রাম ম্যানেজার নাদিম হোসেন আদর বলেন, “এই মেলা শুধু উৎসব নয়, এটি জ্ঞান বিনিময়, সংলাপ ও সম্মিলিত উদ্যোগের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অক্সফাম নেদারল্যান্ডস, অক্সফাম নেপাল, নেদারল্যান্ডস দূতাবাসসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। এছাড়া সরকারি কর্মকর্তা, উন্নয়ন সংস্থা, সুশীল সমাজ, গণমাধ্যমকর্মী এবং নদীনির্ভর জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন।

আয়োজকরা জানান, “দ্যা পিপলস রিভারস্কেপ” প্রকল্পের আওতায় পিয়াইন, সারি ও ধলাই নদীর অববাহিকায় স্থানীয় জনগণের অংশগ্রহণে টেকসই নদী ব্যবস্থাপনার কাজ চলছে। স্থানীয় অভিজ্ঞতা ও বৈজ্ঞানিক তথ্যের সমন্বয়ে নদী রক্ষার পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে।

বক্তারা সবাই নদী, প্রকৃতি ও মানুষের পারস্পরিক সম্পর্ক তুলে ধরে নদী সংরক্ষণে জনসচেতনতা ও সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article