সিম কোম্পানির বিরুদ্ধে সিলেটে বিক্ষোভ, ‘মেয়াদ বন্ধ না হলে লাগাতার অবস্থান’ আল্টিমেটাম

সিম কোম্পানির বিরুদ্ধে সিলেটে বিক্ষোভ, ‘মেয়াদ বন্ধ না হলে লাগাতার অবস্থান’ আল্টিমেটাম - Surma Times | Sylhet News

সিম কোম্পানির বিরুদ্ধে সিলেটে বিক্ষোভ, ‘মেয়াদ বন্ধ না হলে লাগাতার অবস্থান’ আল্টিমেটাম - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ সিম কোম্পানির বিরুদ্ধে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ তুলে সিলেটে গণজমায়েত, পদযাত্রা ও স্মারকলিপি দিয়েছে বিভিন্ন সামাজিক সংগঠন। একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে ‘মেয়াদের বাহানা’ বন্ধ না হলে সংশ্লিষ্ট কোম্পানির কার্যালয়ের সামনে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

রবিবার বেলা ১১টায় জিন্দাবাজার পয়েন্টে গণজমায়েতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে সেখান থেকে বন্দরবাজার কোর্ট পয়েন্ট হয়ে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত পদযাত্রা করা হয়। শেষে প্রধানমন্ত্রীর বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।

সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে শতাধিক নাগরিক এতে অংশ নেন।

গণজমায়েতে বক্তারা অভিযোগ করেন, মোবাইল অপারেটর কোম্পানিগুলো কোনো পূর্ব ঘোষণা ছাড়াই প্যাকেজের দাম বাড়াচ্ছে এবং মেয়াদের অজুহাতে গ্রাহকদের কেনা ডাটা, মিনিট ও এসএমএস কেটে নিচ্ছে। এতে করে কোটি কোটি টাকা অবৈধভাবে হাতিয়ে নেওয়া হচ্ছে।

তাদের দাবি, গ্রাহকের কেনা সব সেবা মেয়াদবিহীন করতে হবে এবং অব্যবহৃত ব্যালেন্স বাতিলের প্রথা বন্ধ করতে হবে। পাশাপাশি গ্রাহকের সম্মতি ছাড়া ভ্যালু অ্যাডেড সার্ভিস চালু করা এবং অস্পষ্ট শর্তে প্যাকেজ বিক্রির অভিযোগও তুলে ধরা হয়।

সংগঠনগুলোর নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ১৫ দিনের মধ্যে দাবি না মানলে সিম কোম্পানির অফিসের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে।

মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে এবং হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

স্মারকলিপিতে দেশের প্রায় ১২ কোটি সিম ব্যবহারকারীর স্বার্থ রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, দ্রুত পদক্ষেপ নেওয়া হলে টেলিকম খাতে শৃঙ্খলা ফিরবে এবং গ্রাহক হয়রানি বন্ধ হবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article