সুরমা টাইমস রিপোর্টঃ সিলেট মহানগরীতে ট্রাফিক আইন মেনে চলা যানবাহন চালকদের মিষ্টি খাইয়ে স্বাগত জানাচ্ছেন শিক্ষার্থীরা। বৈধ ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্র, হেলমেট এবং ফিটনেস ঠিক থাকলেই তাদের মুখে তুলে দেওয়া হচ্ছে মিষ্টি। এমনই এক অনন্য উদ্যোগ নিয়েছে সিলেট মহানগর ট্রাফিক পুলিশ।
সিলেট মহানগর পুলিশের তত্ত্বাবধানে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ‘ট্রাফিক সপ্তাহ-২০২৬’। রবিবার (১৪ জুন) সকালে পুলিশ লাইন্সে উদ্বোধনী অনুষ্ঠানের পর নগরীর বিভিন্ন সড়কে সচেতনতামূলক র্যালি বের হয়। আগামী ২০ জুন পর্যন্ত চলবে এই কর্মসূচি।
সিলেট পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়, মদনমোহন কলেজের শিক্ষার্থী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউট সদস্যরা সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন এই কার্যক্রমে। তারা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে দাঁড়িয়ে আইন মানা চালকদের উৎসাহিত করছেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, “আজকের প্রোগ্রামে কোনো জায়গায় ফুল বিতরণ করা হয়নি। যারা ট্রাফিক আইন মেনে চলেছেন এবং বৈধ কাগজপত্র সঙ্গে রেখেছেন, তাদেরই মিষ্টিমুখ করানো হয়েছে।”
একই সঙ্গে চলছে কঠোর অভিযান। আইন লঙ্ঘনকারী যানবাহন রেকার করা হচ্ছে এবং বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ট্রাফিক সপ্তাহ চলাকালীন সচেতনতা কার্যক্রমের পাশাপাশি এই অভিযান অব্যাহত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের উপ-কমিশনার সুদীপ্ত রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী ও অতিরিক্ত কমিশনার এনামুল হক। সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা নিরাপদ সড়ক নিশ্চিত করতে পথচারীদের ফুটপাত ব্যবহার, জেব্রা ক্রসিং ও ফুটওভার ব্রিজের ব্যবহার, চলন্ত গাড়িতে ওঠা-নামা না করা এবং ট্রাফিক আইন মেনে চলার ওপর জোর দেন।
নগরবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। অনেকে বলছেন, শুধু শাস্তি নয়, ইতিবাচক উৎসাহ প্রদানের মাধ্যমে আইন মানার প্রবণতা বাড়ানো সম্ভব। ট্রাফিক সপ্তাহের এমন ব্যতিক্রমী আয়োজন সিলেটে সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।






