
সুরমা টাইমস ডেস্কঃ প্যারিস: ইউরোপীয় ইউনিয়নের নতুন মাইগ্রেশন ও অ্যাসাইলাম প্যাক্ট কার্যকর হওয়ার পর ফ্রান্স আশ্রয়প্রার্থীদের জন্য নতুন একক আবেদন ফরম চালু করেছে। এখন থেকে আগের তিনটি আলাদা ফরমের বদলে একটি ফরমেই সব ধরনের আশ্রয় আবেদন করা যাবে।
ফ্রান্সের আশ্রয় বিষয়ক সুরক্ষা দপ্তর (অফপ্রা) জানিয়েছে, শুক্রবার (১২ জুন) থেকে দেশের প্রেফেকচুরগুলোতে এই নতুন ফরম বিতরণ শুরু হয়েছে। নতুন ফরমে ইইউর সর্বশেষ প্যাক্টের বিধানগুলোও অন্তর্ভুক্ত করা হয়েছে।
এতদিন আশ্রয় আবেদনের জন্য তিন ধরনের আলাদা ফরম ব্যবহার করতে হতো— প্রথমবারের আবেদন, পুনর্বিবেচনা (রিএক্সামা) আবেদন এবং অভিভাবকের আবেদনের পর ফ্রান্সে যোগ দেওয়া বা জন্ম নেওয়া অপ্রাপ্তবয়স্ক সন্তানের আবেদন। নতুন ব্যবস্থায় এই তিনটি ক্ষেত্রই এক ফরমের মাধ্যমে সম্পন্ন হবে।
**রং দেখে পূরণ করুন**
আবেদনকারীদের সুবিধার্থে ফরমে রংভিত্তিক পদ্ধতি রাখা হয়েছে। গোলাপি অংশে থাকবে প্রাপ্তবয়স্কদের প্রাথমিক আশ্রয় আবেদন এবং পরিবারের সঙ্গে যোগ দেওয়া অপ্রাপ্তবয়স্কদের আবেদন। আর কমলা অংশে থাকবে পুনর্বিবেচনার আবেদন। আবেদনকারীরা শুধু নিজের পরিস্থিতি অনুযায়ী সংশ্লিষ্ট রঙের অংশ পূরণ করবেন।
অফপ্রা বলছে, এই পরিবর্তনের মূল লক্ষ্য ভুল ফরম বিতরণের ঝুঁকি কমানো এবং পুরো প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করা। এছাড়া পূর্ববর্তী ফরমের কিছু ঘাটতিও সংশোধন করা হয়েছে।
**ইইউ প্যাক্টের প্রভাব**
নতুন ইইউ মাইগ্রেশন প্যাক্ট অনুযায়ী, আশ্রয় আবেদন এখন স্বয়ংক্রিয়ভাবে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্রের কাছে পাঠানো হবে। এজন্য আবেদনকারীর আলাদা সম্মতির প্রয়োজন হবে না এবং শুধু জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এ ফাইল পাঠানোর অনুমতি লাগবে।
আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো— আগামী ২০২৬ সালের ১ মার্চ থেকে অফপ্রা আশ্রয়প্রার্থীদের মূল নথি (পাসপোর্টসহ) আর নিজেদের কাছে রাখবে না। আবেদনকারীরা সাক্ষাৎকারের সময় নথি সঙ্গে নিয়ে আসবেন। যাচাইয়ের পর সাক্ষাৎকার শেষে নথি ফেরত দেওয়া হবে।
এই সংস্কার ইউরোপে আশ্রয় ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে বলে মনে করা হচ্ছে। ফ্রান্সের নতুন ফরম আশ্রয়প্রার্থীদের জন্য প্রক্রিয়াটিকে আরও স্বচ্ছ ও সহজ করে তুলবে বলে আশা করা যায়।






