সিলেটে বিএনপির বাজেট উৎসব! ‘ইতিহাসের সবচেয়ে বড় জনবান্ধব বাজেট’

সিলেটে বিএনপির বাজেট উৎসব! ‘ইতিহাসের সবচেয়ে বড় জনবান্ধব বাজেট’ - Surma Times | Sylhet News

সিলেটে বিএনপির বাজেট উৎসব! ‘ইতিহাসের সবচেয়ে বড় জনবান্ধব বাজেট’ - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ  ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে ‘উন্নয়নমুখী, জনবান্ধব ও দূরদর্শী’ বলে আখ্যায়িত করে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা বিএনপি।

শুক্রবার (১২ জুন) দুপুরে নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্ট থেকে মিছিল শুরু হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ এমপি বলেন, “দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট দিয়েছে বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে অনুমোদিত এ বাজেটের মূল লক্ষ্য জনগণের কল্যাণ, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং রাষ্ট্রীয় সক্ষমতা বাড়ানো। স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান ও প্রতিষ্ঠান সংস্কারে বরাদ্দ একটি বৈষম্যহীন আধুনিক বাংলাদেশ গড়ার সুস্পষ্ট রূপরেখা।”

সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “দেড় দশকের ফ্যাসিবাদবিরোধী লড়াই ও ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করে। এটি বর্তমান সরকারের প্রথম বাজেট। ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এ বাজেট বিনিয়োগ, কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যে নিয়ন্ত্রণ শিথিল করে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে এগিয়ে নেবে।”

বক্তারা বাজেটের ইতিবাচক দিকগুলো তুলে ধরে বলেন, সাড়ে ৬ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য, সর্বজনীন স্বাস্থ্যসেবা, নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন এবং মূল্যস্ফীতি ৭-৮ শতাংশের মধ্যে রাখার প্রত্যয় এ বাজেটকে অনন্য করেছে। বিশেষ করে চাল, ডাল, মাছ, মাংস, চিনি, লবণ, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানান তারা।

তারা আশা প্রকাশ করেন, এবার বাজেট ঘোষণার পর দ্রব্যমূল্য বৃদ্ধির কোনো সিন্ডিকেট দেখা যাবে না।

সমাবেশে সিলেটের বাজেট ইতিহাসের কথাও স্মরণ করা হয়। বক্তারা বলেন, ১৯৭২ সাল থেকে এ পর্যন্ত দেশের ৫৫টি বাজেটের মধ্যে সিলেট বিভাগ থেকে সবচেয়ে বেশি ৩০টি বাজেট পেশ করা হয়েছে। এর মধ্যে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান একাই ১২টি বাজেট পেশ করে ইতিহাস গড়েছেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরীর পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ ঘটনায় সিলেটে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ দেখা গেছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article