সিলেটে হিজড়াদের জন্য বাসস্থান ও কর্মসংস্থান! জেলা প্রশাসকের বড় ঘোষণা

সিলেটে হিজড়াদের জন্য বাসস্থান ও কর্মসংস্থান! জেলা প্রশাসকের বড় ঘোষণা - Surma Times | Sylhet News

সিলেটে হিজড়াদের জন্য বাসস্থান ও কর্মসংস্থান! জেলা প্রশাসকের বড় ঘোষণা - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ সিলেট জেলায় হিজড়া সম্প্রদায়ের সদস্যদের বাসস্থানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক সারওয়ার আলম। পূর্ণাঙ্গ তালিকা জমা দিলে সেই অনুযায়ী বাসস্থান দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

বুধবার (১০ জুন) নগরের একটি অভিজাত হোটেলে বন্ধু স্যোসাল ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত “ব্যবধান দূরীকরণ: ন্যায়সঙ্গত পরিষেবার জন্য অন্তর্ভুক্তিমূলক সংলাপ” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।

তিনি বলেন, যারা ব্যবসা-বাণিজ্য করতে আগ্রহী, তারা নিজেদের রুচি ও পছন্দ অনুযায়ী ব্যবসার ধরন উল্লেখ করে আবেদন করুন। সে অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এছাড়া কর্মসংস্থানের জন্য প্রত্যেকের যোগ্যতা ও দক্ষতার একটি তালিকা তৈরি করে জমা দিতে বলেছেন তিনি।

জেলা প্রশাসক সারওয়ার আলম আরও বলেন, “হিজড়ারা সমাজের অংশ। তারা আমাদের বোন। সৃষ্টিকর্তা তাদেরকে পূর্ণাঙ্গভাবে সৃষ্টি করেননি বলে তাদের অবহেলা করা যাবে না। তাদেরকে সমাজের মূলধারায় নিয়ে আসতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

তিনি উল্লেখ করেন, তাদেরকে কর্মী হিসেবে গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে তাদের অংশ হিসেবে গণ্য করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সংস্থাটির সিলেট অ্যাসিস্টেন্ট কো-অর্ডিনেটর মোহাম্মদ নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর সিলেটের উপপরিচালক শাহীনা আক্তার, জেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুর রফিক, সহকারী কমিশনার জাহিন শাকিল ভূঁইয়া, সিলেট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জোবায়ের বখত জুবেরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং হিজড়া জনগোষ্ঠীর সদস্যরা।

বন্ধু স্যোসাল ওয়েলফেয়ার সোসাইটির অ্যাডভোকেসি ম্যানেজার মশিউর রহমান হিজড়াদের জীবনমান উন্নয়নে সংস্থার কার্যক্রম মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেন।

জেলা প্রশাসকের এই ঘোষণা হিজড়া সম্প্রদায়ের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। সামাজিকভাবে পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর পুনর্বাসন ও আত্মনির্ভরশীলতায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article