
সুরমা টাইমস ডেস্কঃ সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সিলেট মহানগর ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মোবারক হোসেন ফাত্তাহকে দেখতে হাসপাতালে গেছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
গতকাল সোমবার (৮ জুন) সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন ফাত্তাহর শয্যাপাশে কিছু সময় কাটান তিনি। সেখানে তার চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।
এ সময় ইমদাদ হোসেন চৌধুরী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, সিলেট নগরী সবসময় শান্তি ও সম্প্রীতির শহর। এখানে সন্ত্রাসী ও অপরাধীদের কোনো স্থান নেই। এই পবিত্র মাটিতে সন্ত্রাসবাদ কখনো বরদাশত করা হবে না।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। বেলাল ও তার সহযোগীদের অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে। এই বর্বরোচিত হামলার বিচার না হওয়া পর্যন্ত বিএনপি চুপ করে থাকবে না।
এসময় সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি আব্দুল হাকিম, দপ্তর সম্পাদক তারেক আহমদ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শেষ কবির আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সালেহ আহমদ গেদা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ লাকি, সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ, নির্বাহী সদস্য আব্দুল মুমিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
**রোববার রাতের হামলা**
উল্লেখ্য, গত রোববার রাতে এশার নামাজ পড়তে বায়তুল আমান মসজিদে যাওয়ার পথে সন্ত্রাসী বেলাল ও তার সহযোগীরা মোবারক হোসেন ফাত্তাহর ওপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত হয়ে তিনি এখনও ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় নেতারা বলছেন, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সিলেটের শান্ত পরিবেশ নষ্ট করছে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।
(৮ জুন)






