সুরমা নদীতে লাকড়ি কুড়াতে নিখোঁজের আট ঘণ্টা পর গৃহবধূর মরদেহ উদ্ধার

সুরমা নদীতে লাকড়ি কুড়াতে নিখোঁজের আট ঘণ্টা পর গৃহবধূর মরদেহ উদ্ধার - Surma Times | Sylhet News

সুরমা নদীতে লাকড়ি কুড়াতে নিখোঁজের আট ঘণ্টা পর গৃহবধূর মরদেহ উদ্ধার - Surma Times | Sylhet Newsজকিগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের জকিগঞ্জ উপজেলায় সুরমা নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হওয়া এক গৃহবধূর মরদেহ আট ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। নিহত বাসনা রানি মালাকার (২৮) দুই সন্তানের জননী ছিলেন।

সোমবার সন্ধ্যায় জকিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে সুরমা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহত বাসনা রানি জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের কোনাগ্রাম এলাকার বাসিন্দা কাজল মালাকারের স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে প্রতিদিনের মতো বাড়ির পাশের সুরমা নদীতে ভাসমান জ্বালানি কাঠ সংগ্রহ করতে যান বাসনা। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।

পরে বিষয়টি জকিগঞ্জ ফায়ার সার্ভিসকে জানানো হলে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টা তল্লাশির পর সন্ধ্যায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের স্বামী কাজল মালাকার বলেন, “সকালে লাকড়ি আনতে নদীতে গিয়েছিল। আর ফেরেনি। ফায়ার সার্ভিসের ডুবুরিরা নদী থেকে তার মরদেহ উদ্ধার করেছে।”

জকিগঞ্জ ফায়ার সার্ভিসের দায়িত্বশীল সূত্র জানায়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত উদ্ধার অভিযান চালানো হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

জকিগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা (ওসি) সুজন মিয়া জানান, ঘটনার খবর পেয়ে থানা থেকে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোক নেমে এসেছে। স্থানীয়রাও ঘটনাটিতে দুঃখ প্রকাশ করেছেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article