গ্যাস বন্ধের গুজব, চার দিন চাপ কমবে সিলেটে

গ্যাস বন্ধের গুজব, চার দিন চাপ কমবে সিলেটে - Surma Times | Sylhet News

গ্যাস বন্ধের গুজব, চার দিন চাপ কমবে সিলেটে - Surma Times | Sylhet Newsসিলেট, ৩ নভেম্বর: কক্সবাজারের মহেশখালীতে ভাসমান দুটি টার্মিনালের একটি বুধবার (৪ নভেম্বর) থেকে টানা চার দিন সরবরাহ বন্ধ থাকায় সিলেটসহ সারা দেশে গ্যাসের চাপ কম থাকবে। তবে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হবে না। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া “চার দিন গ্যাস বন্ধ” খবরকে গুজব বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।

সিলেটের জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম জানান, গ্যাস লাইন মেরামত কাজের জন্য চার দিন সারা দেশে গ্যাসের চাপ কম থাকবে। আবাসিক গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হবে না। গ্যাস লাইনে রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িক এই অসুবিধা হবে বলে জানান তিনি।

এর আগে পেট্রোবাংলা উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের মহেশখালীর সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বুধবার সকাল ৮টা থেকে শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে। এই সময়ে জাতীয় গ্যাস গ্রিডে বর্তমান দৈনিক সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে ৩২০ মিলিয়ন ঘনফুট হ্রাস পেয়ে ৬০০ মিলিয়ন ঘনফুট হবে। ফলে এ সময়ে সারা দেশে গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে। এই সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা কর্তৃপক্ষ।

মঙ্গলবার দেওয়া এক বার্তায় পেট্রোবাংলা জানায়, আগামী চার দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে দাবি করে বিভিন্ন সংবাদমাধ্যমের নামে ফটোকার্ড তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এতে জনমনে আতঙ্ক তৈরির চেষ্টা করা হচ্ছে। সংস্থাটির ব্যাখ্যা, মহেশখালীতে অবস্থিত দুটি এলএনজি টার্মিনালের একটি সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ চলছে। এ কারণে টার্মিনালটির মাধ্যমে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পুনরায় গ্যাসে রূপান্তর করে সরবরাহের কার্যক্রম বন্ধ থাকবে। এ পরিস্থিতিতে দেশে দৈনিক গ্যাস সরবরাহ ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে। অর্থাৎ প্রতিদিন প্রায় ৩২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমার আশঙ্কা রয়েছে। এতে কোনো কোনো এলাকায় সাময়িকভাবে গ্যাসের চাপ কম থাকতে পারে। তবে দেশজুড়ে গ্যাস সরবরাহ বন্ধের খবর সঠিক নয় বলে জানিয়েছে সংস্থাটি।

অন্যদিকে জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজের কারণে বুধবার সকাল ৮টা থেকে শনিবার বিকেল ৪টা পর্যন্ত সিলেটসহ জালালাবাদ গ্যাসের আওতাধীন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। এ সময়ে আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা কামনা করেছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।

উল্লেখ্য, আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রূপান্তর করে পাইপলাইনে সরবরাহের জন্য কক্সবাজারের মহেশখালীতে দুটি ভাসমান টার্মিনাল রয়েছে। দুটির মধ্যে একটি টার্মিনাল বন্ধ থাকবে। এর আগে গত বছরের ডিসেম্বরেও সামিটের টার্মিনালে একই ধরনের রক্ষণাবেক্ষণ কাজ করা হয়েছিল।

পেট্রোবাংলা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর খবরে আতঙ্কিত না হয়ে সংস্থাটির দেওয়া তথ্য অনুসরণের জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে। চার দিনের এই সরবরাহ ঘাটতি শিল্প উৎপাদন ও আবাসিক গ্রাহকদের দৈনন্দিন ব্যবহারে স্বল্পমেয়াদি প্রভাব ফেলতে পারে। তবে পরিস্থিতি নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই বলে জানিয়েছে সংস্থাটি।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article