সুরমা টাইমস রিপোর্টঃ সিলেট/ঢাকা: দেশের চারটি সীমান্ত জেলায় নারী-শিশুসহ মোট ৮৮ জনকে বাংলাদেশে জোর করে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সতর্ক অবস্থান ও দ্রুত পদক্ষেপে সব চেষ্টাই ব্যর্থ হয়েছে।
শুক্রবার ভোর থেকে দিনভর পঞ্চগড়, নওগাঁ, লালমনিরহাট ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এ ঘটনা ঘটে।
পঞ্চগড়ঃবড়বাড়ি-প্রধানপাড়া সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১০ জনকে পুশ ইনের চেষ্টা করা হয়। তারা এখনো শূন্যরেখায় অবস্থান করছেন। সকালে দুই পক্ষের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে।
নওগাঁঃ সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্ত দিয়ে ১৭ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা হয়। বিজিবি তা প্রতিহত করে।
লালমনিরহাটঃ আদিতমারী, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার চারটি সীমান্ত দিয়ে নারী-পুরুষ-শিশুসহ অন্তত ৩৩ জনকে পুশ ইনের চেষ্টা করা হয়।
চাঁপাইনবাবগঞ্জঃ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জনকে ঠেলে দেওয়া হয়েছে। তারা বর্তমানে নো ম্যান্স ল্যান্ডে অবস্থান করছেন।
বিজিবি জানিয়েছে, সীমান্তে টহল জোরদার করায় এবং স্থানীয়দের সহযোগিতায় সব চেষ্টা ব্যর্থ হয়। বেশ কয়েকটি সীমান্তে এখনো বিজিবি ও বিএসএফ মুখোমুখি অবস্থানে রয়েছে।
বিজিবি কর্মকর্তারা বলেছেন, অবৈধ অনুপ্রবেশ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থান বজায় রাখা হয়েছে।






