শ্রীমঙ্গল প্রতিনিধিঃ শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে দিনব্যাপী অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে প্রায় ১০ ট্রাক সিলিকা বালু জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকনের নেতৃত্বে আশিদ্রোন ইউনিয়নের পুটিয়াছড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদিনের উপস্থিতিতে হেকিম মিয়ার লেবুবাগানের পাশ থেকে বালু জব্দ করা হয়।
স্থানীয় সূত্র জানায়, গত দুই বছর ধরে পাকা রাস্তার মুখে স্টিলের গেট লাগিয়ে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও বিক্রি করে আসছিলেন হেকিম মিয়া। এর আগেও প্রশাসন অভিযান চালালেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।
অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন বলেন, “অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। প্রাকৃতিক সম্পদ রক্ষায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা জানান, অবৈধ বালু উত্তোলনের কারণে পরিবেশ ও কৃষিজমির ক্ষতি হচ্ছে। প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেছেন তারা।





