১০৪ বছর বয়সেও থামেননি, সারা জীবনের সঞ্চয়ে বৃদ্ধার হজযাত্রা

সুরমা টাইমস ডেস্কঃ অদম্য ইচ্ছাশক্তির এক অনন্য দৃষ্টান্ত গড়লেন ইন্দোনেশিয়ার এমবা মারসিয়াহ। ১০৪ বছর বয়সে তিনি চলতি বছরের বিশ্বের সবচেয়ে বয়স্ক হজযাত্রী হিসেবে পরিচিতি পেয়েছেন।

পূর্ব জাভার কেদিরি এলাকার এই প্রবীণ নারী বহু বছর ধরে অল্প অল্প করে অর্থ জমিয়ে শেষ পর্যন্ত পবিত্র হজ পালনের স্বপ্ন পূরণ করেছেন। ২০২১ সালে তিনি হজের জন্য নিবন্ধন করেন এবং দীর্ঘ সময়ের সঞ্চয়ে প্রয়োজনীয় অর্থ জোগাড় করেন।

জীবিকার জন্য তিনি স্থানীয় ঐতিহ্যবাহী খাবার বিক্রি করতেন। সেই আয়ের একটি অংশ নিয়মিত জমিয়ে রাখতেন একটি পাত্রে। কখনো ঘাটতি হলে তার ছেলে সহযোগিতা করতেন। শুরুতে নিজের এই স্বপ্নের কথা কাউকে জানাননি, পরে সঞ্চয় বাড়লে বিষয়টি প্রকাশ করেন।

১৯২১ সালের ১ জুলাই জন্ম নেওয়া মারসিয়াহ বর্তমানে লাঠির সাহায্যে চলাফেরা করেন। হজের বেশিরভাগ সময় তিনি হুইলচেয়ারে চলছেন। গত ২২ মে তিনি তার ৬৭ বছর বয়সী মেয়ে মুইদাহকে সঙ্গে নিয়ে মক্কায় পৌঁছান।

হজ সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বয়সের ভার সত্ত্বেও তিনি সুস্থ আছেন এবং হজের আনুষ্ঠানিকতা পালনে প্রস্তুত। তার এই যাত্রা অনেকের জন্য অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে।

Share This Article