হাইকোর্টের আদেশ অমান্য করে ঢাকাদক্ষিণ ডাকবাংলোয় মার্কেট নির্মাণ

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ  হাইকোর্টের আদেশ অমান্য করে ঢাকাদক্ষিণে ডাকবাংলোর পুকুর ভরাট করে মার্কেট নির্মাণ, ক্ষোভ পরিবেশবাদীদের
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণে জেলা পরিষদের ডাকবাংলোর পুকুর ভরাট করে মার্কেট নির্মাণের অভিযোগে দায়ের করা জনস্বার্থমূলক রিটের পরও কাজ চলমান থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন পরিবেশবাদীরা।

সোমবার পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট, সিলেটের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরিদর্শনের পর তারা জানান, হাইকোর্টের জারিকৃত রুল ও স্থিতাবস্থা বজায় রাখার আদেশ অমান্য করেই নির্মাণকাজ অব্যাহত রাখা হয়েছে।

সম্প্রতি অ্যাডভোকেট খাইরুল আলম জনস্বার্থে রিট আবেদন করলে হাইকোর্ট তিন মাসের জন্য বিতর্কিত ভূমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেয়। একই সঙ্গে আদালত জানতে চেয়েছে কেন ওই পুকুরের ওপর মার্কেট নির্মাণকে বেআইনি ঘোষণা করা হবে না, কেন নির্মাণকাজ বন্ধ করা হবে না এবং কেন পুকুরটিকে আগের প্রাকৃতিক অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হবে না।

রিট আবেদনে বলা হয়, গোলাপগঞ্জ উপজেলার দত্তরাইল মৌজায় অবস্থিত সরকারি পুকুরটি ভরাট করে মার্কেট নির্মাণ করা হচ্ছে, যা পরিবেশ ও জনস্বার্থের পরিপন্থী। আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পুকুরের শ্রেণি পরিবর্তন, ভরাট কার্যক্রম ও নির্মাণকাজ সংক্রান্ত অনুমতির তথ্য ৩০ দিনের মধ্যে দাখিলেরও নির্দেশ দিয়েছে।

পরিদর্শন শেষে ট্রাস্টের সদস্য আব্দুল করিম কিম বলেন, ২০২০-২১ সালেও জেলা পরিষদ একই মার্কেট নির্মাণের উদ্যোগ নিয়েছিল, তবে স্থানীয় জনগণ ও পরিবেশবাদীদের প্রতিবাদের মুখে তা থেমে যায়। তার অভিযোগ, ৫ আগস্টের পটপরিবর্তনের পর ভূমি-খেকো একটি চক্র দ্রুত কাজ শুরু করেছে এবং এতে জেলা পরিষদের কিছু অসাধু কর্মকর্তা জড়িত।

ট্রাস্টের চেয়ারম্যান ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার বলেন, প্রাকৃতিক জলাধার ধ্বংস করে কোনো স্থাপনা নির্মাণ জনস্বার্থের পরিপন্থী। পুকুর ও জলাভূমি সংরক্ষণ পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য অত্যন্ত জরুরি।

রিটকারী আইনজীবী খাইরুল আলম বলেন, জমিদার কালীপ্রসাদ দত্ত চৌধুরী এই সম্পত্তি স্থানীয় জনগণের কল্যাণে দান করেছিলেন। পরবর্তীতে সেখানে চিকিৎসাকেন্দ্র, ডাকবাংলো ও সরকারি কোয়ার্টার নির্মিত হয়। কিন্তু এখন ব্যক্তিস্বার্থে মার্কেট নির্মাণ করা হচ্ছে, তাই তিনি আদালতের আশ্রয় নিয়েছেন।

পরিদর্শন শেষে পরিবেশবাদীরা ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদ ভবনে স্থানীয় বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আব্দুর রহিম, শাহ জামাল, কবির আহমদ, মিছবাহ আহমদ, মাহফুজ আহমদ চৌধুরী, আজিজ খান, জাবেদ আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন।

Share This Article