চুর সন্দেহে মধ্যরাতে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে থানায় নেওয়ার অভিযোগ

সিলেট নগরীর শাহপরান (র.) থানা পুলিশের বিরুদ্ধে চুরির সন্দেহে মধ্যরাতে এক ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং শিশুটির পরিবার ক্ষোভ প্রকাশ করেছে।

জানা গেছে, রোববার (১৮ মে) গভীর রাতে, আনুমানিক রাত ২টার দিকে নগরীর মেজরটিলা এলাকার সয়দপুরে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা দীর্ঘ চেষ্টা ও তদবিরের পর ভোরের দিকে ওই শিক্ষার্থীকে থানা থেকে ছাড়িয়ে আনতে সক্ষম হন। শিশুটির নাম আল আমিন হাসান আবিদ।

সূত্র জানায়, গত ১১ মে সয়দপুরের বি ব্লকের ৪৫-৪৬ নম্বর বাসায় একটি চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে।

ওই জিডির সূত্র ধরে রোববার রাতে পাশের বাসিন্দা আমির হাসান শামীমের ছেলে আবিদকে পুলিশ হঠাৎ করে বাড়ি থেকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে শিশুটির বাবা বলেন, মধ্যরাতে এভাবে একটি শিশুকে নিয়ে যাওয়ায় তার মনে ভয় ও মানসিক চাপ সৃষ্টি হয়েছে। তিনি বলেন, “তদন্তের প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করতে হলে দিনের বেলায় পরিবারের উপস্থিতিতে করা যেত। কিন্তু গভীর রাতে একটি শিশুকে থানায় নেওয়া সম্পূর্ণ অমানবিক ও বেআইনি।”

তিনি আরও জানান, এ বিষয়ে থানায় যোগাযোগ করা হলে পুলিশ জানিয়েছে, শিশুটির বিরুদ্ধে কোনো অভিযোগ নেই; কেবল জিজ্ঞাসাবাদের জন্য তাকে আনা হয়েছিল।

এ বিষয়ে শাহপরান (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে এবং শিশুর অধিকার ও আইনগত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।