গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন:দুই মামলায় ৪২ জনসহ তিন শতাধিক আসামি

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন:দুই মামলায় ৪২ জনসহ তিন শতাধিক আসামি - Surma Times | Sylhet News

131352

সুরমা টাইমস ডেস্ক :

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পিয়াইন নদীর ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

 

এই দুই মামলায় মোট ৩৪২ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে ৪২ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং বাকি ৩০০ জনকে অজ্ঞাতনামা হিসেবে রাখা হয়েছে।

গোয়াইনঘাট থানা সূত্রে জানা যায়, প্রথম মামলাটি করেছেন গোয়াইনঘাট ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মো. আব্দুল মোনায়েম। এই মামলায় তিনি ২৬ জনের নাম উল্লেখ করে ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করেছেন।

অপর মামলাটি দায়ের করেছেন ভূমি সহকারী কর্মকর্তা আবু বকর গাজী। তার মামলায় ১৬ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং একই সংখ্যক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

গত রবিবার (১৪ই সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।

অভিযোগে বলা হয়েছে, পশ্চিম জাফলংয়ের হাজিপুর, প্রতাপপুর, লুনীর কইন্না খাল, আমবাড়ি এলাকা ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘নদীর পাড় ধ্বংস করে ও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা সৃষ্টি করে যেভাবে বালু তোলা হচ্ছিল, তা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। মামলার তদন্ত চলছে, অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। পরিবেশ রক্ষায় কাউকে ছাড় দেওয়া হবে না।’

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article