৯৯৯-এ ফোন: লাউয়াছড়ায় হারিয়ে যাওয়া দুই পর্যটককে উদ্ধার করল বনবিভাগ ও পুলিশ

৯৯৯-এ ফোন: লাউয়াছড়ায় হারিয়ে যাওয়া দুই পর্যটককে উদ্ধার করল বনবিভাগ ও পুলিশ - Surma Times | Sylhet News

lau

মৌলভীবাজার প্রতিনিধিঃঃ

 

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া বনে ঘুরতে গিয়ে হারিয়ে যাওয়া দুই যুবক (শিক্ষার্থীকে) উদ্ধার করা হয়েছে। গতককাল সোমবার (৫ই জুন) দুপুরে ঘুরতে এসে হারিয়ে গিয়েছিলেন সেই দুই পর্যটক। পরে ৯৯৯-এ ফোন পেয়ে রাতে তাদের উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ ও বন বিভাগ।

 

উদ্ধারহওয়া ব্যক্তিরা হলেন- ঢাকার ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী শাহবাজ বিন আজমাত (২৫) ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থী ইয়ালিদুজ্জামান শুনোক্কি (২৬)।

 

ইয়ালিদ উদ জামান বলেন, ‘আমরা গত রোববার শ্রীমঙ্গল ঘুরতে আসি। গতকাল (সোমবার) সন্ধ্যায় আমাদের ঢাকা যাওয়ার কথা ছিল। আজ দুপুরে আমরা লাউয়াছড়ায় ঘুরতে যাই। লাউয়াছড়ার ভেতরে যাওয়ার পর হঠাৎ আমরা রাস্তা হারিয়ে ফেলি। লাউয়াছড়ার ভেতরে মুঠোফোনের নেটওয়ার্ক ছিল না।

আমরা হাঁটতে হাঁটতে একটি টিলার ওপর উঠি। সেখান থেকে আমার বাড়িতে ফোন করি। আমার বাড়ি থেকে পরিবারের লোকজন ৯৯৯–এ কল করে বিষয়টি জানান। পরে শ্রীমঙ্গল ট্যুরিস্ট পুলিশ আমাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে।

 

সেখানে বারবার নেটওয়ার্ক কেটে যাচ্ছিল। এদিকে সন্ধ্যা ঘনিয়ে অন্ধকার হয়ে যায় চারপাশ। ভয় করছিল, কোনো প্রাণী আবার আক্রমণ করে বসে কি না! পরে রাত সাড়ে আটটার দিকে অনেক কষ্টে আমরা পুলিশ ও স্থানীয় লোকজনকে পাই। বন থেকে আমাদের উদ্ধার করে শহরে নিয়ে আসে ট্যুরিস্ট পুলিশ।

 

লাউয়াছড়ার ট্যুর গাইড মো. শাহীন বলেন, ‘আমরা দুই তরুণের হারিয়ে যাওয়ার খবর শুনে সবাই মিলে খোঁজাখুঁজি শুরু করি। বনের ভেতরে তাঁদের নাম ধরে ডাকাডাকি করেছি। বাঁশি বাজিয়েছি।

 

অনেক খোঁজার পর তাঁদের পাই। আমরা বারবার পর্যটকদের বলি, তাঁরা যেন গাইড ছাড়া গভীর বনে না যান। তবুও কিছু পর্যটক সেটি মানেন না।’

শ্রীমঙ্গলের ট্যুরিস্ট পুলিশের  ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার চক্রবর্তী বলেন, ‘৯৯৯ থেকে বিকেল ৫ টায় আমাদের ফোন করে জানানো হয়, বনের ভেতরে ঘুরতে গিয়ে দুই তরুণ হারিয়ে গেছে।

 

পরে আমাদের ট্যুরিস্ট পুলিশের সদস্যরা লাউয়াছড়ায় যায়। সেখানে ট্যুরিস্ট গাইড, কমলগঞ্জ থানার পুলিশ, স্থানীয় দোকানদার ও লাউয়াছড়ার নিরাপত্তাকর্মীসহ স্থানীয় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর লোকজন নিয়ে বনে তাঁদের খোঁজাখুঁজি শুরু করা হয়।

 

অনেক খোঁজাখুঁজি করে রাত সাড়ে ৮ টার দিকে লাউয়াছড়ার পার্শ্ববর্তী মাগুরছড়া খাসিয়া পুঞ্জির পেছন থেকে তাঁদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ব্যক্তিদের আমরা ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল কার্যালয়ে নিয়ে আসি। পরে তাদের হোটেলে পৌঁছে দিয়েছি।’

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article