রাষ্ট্রপতি হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পু

রাষ্ট্রপতি হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পু - Surma Times | Sylhet News

142247দেশের ২২তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন সাবেক জেলা দায়রা জজ বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন আহমেদ চুপ্পু।

রোববার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের কাছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বাধীন প্রতিনিধি দল প্রার্থী হিসেবে সাহাবুদ্দিন চুপ্পুর নাম দাখিল করে।

এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের মো. সাহাবুদ্দিন আহমেদ চুপ্পুর আওয়ামী লীগের দলীয় মনোনয়নের তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে সকালে ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের নেতারা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে যান। তারপর সকাল সাড়ে ১০টার দিকে তারা রওনা হন নির্বাচন কমিশনের উদ্দেশে। ওবায়দুল কাদেরের নেতৃত্বে এই দলে ছিলেন চিফ হুইপ লিটন চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, ফারুক খান, বিপ্লব বড়ুয়া, সেলিম মাহমুদ।

পাবনার সন্তান মো. সাহাবুদ্দিন চুপ্পুর জন্ম ১৯৪৯ সালে। ছাত্রজীবনে পাবনা জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী সাহাবুদ্দিন চুপ্পু ১৯৮২ সালে বিসিএস (বিচার) ক্যাডার হিসেবে যোগ দেন।

বিচারকের বিভিন্ন পদে চাকরি শেষে ২৫ বছর পর ২০০৬ সালে জেলা ও দায়রা জজ হিসেবে অবসর নেন।

২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার পরপরই আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের জনগোষ্ঠীর উপর হামলা হয়। যাতে হত্যা, ধর্ষণ ও লুণ্ঠনের ঘটনা ঘটে। পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে ওসব ঘটনার তদন্তে কমিশন গঠন করেন, যার চেয়ারম্যান ছিলেন মো. সাহাবুদ্দিন আহমেদ চুপ্পু।

২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত মো. সাহাবুদ্দিন চুপ্পু দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article