সিলেট, ২৮ নভেম্বর: সিলেটের জৈন্তাপুরে বিজিবির বিশেষ অভিযানে একজন চিহ্নিত মানব পাচারকারী আটক হয়েছেন। আটক ব্যক্তির নাম মোঃ কিবরিয়া। বয়স ২৭। তিনি জৈন্তাপুর উপজেলার নয়াখেল উত্তর গ্রামের জমির উদ্দিনের ছেলে।
শনিবার রাতে জৈন্তাপুরে এই অভিযান চালায় বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবির দাবি, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
রাত আনুমানিক ৮টার দিকে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধীন লালাখাল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান শুরু হয়। প্রায় চার ঘণ্টা ধরে চলে অভিযান। শেষে বাংলাদেশের অভ্যন্তরে কালিঞ্জি নামক স্থান থেকে তাকে আটক করা হয়।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মোঃ কিবরিয়ার অবস্থান শনাক্ত করা হয়। লালাখাল বিওপির একটি টহলদল সতর্ক অবস্থান নিয়ে তার সম্ভাব্য অবস্থান ও চলাচলের ওপর নজরদারি চালায়। দীর্ঘ অভিযানের পর তাকে আটক করা সম্ভব হয়।
আটকের পর দেহ তল্লাশিতে উদ্ধার হয় একটি স্মার্টফোন, একটি বাংলাদেশি মোবাইল সিম, একটি ভারতীয় মোবাইল সিম, জাতীয় পরিচয়পত্র এবং নগদ ২৫০ টাকা।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে জৈন্তাপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ সোহেল আলম, পিবিজিএম বলেন, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ পারাপার ও মানব পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। মানব পাচারকারী চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তথ্য সংগ্রহের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।





