গোয়াইনঘাট (সিলেট), ১৮ নভেম্বর: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে অস্ত্রসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্য বাংলাদেশের প্রায় ২০০ গজ অভ্যন্তরে প্রবেশ করায় তাঁকে আটক করে বিজিবি। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বিছনাকান্দি সীমান্ত দিয়ে অস্ত্রসহ ওই বিএসএফ সদস্য বাংলাদেশের প্রায় ২০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা তাঁকে তাৎক্ষণিক আটক করে নিজেদের হেফাজতে নেন।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন বিছনাকান্দি বিওপির একটি টহল দল তাঁকে আটক করে। আটকের পর ওই বিএসএফ সদস্যকে বিছনাকান্দি বিওপিতে নিয়ে আসা হয়। এ সময় তাঁর সঙ্গে অস্ত্রও ছিল।
৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে অস্ত্রসহ এক বিএসএফ সদস্য সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের প্রায় ২০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় দায়িত্বে থাকা বিজিবি সদস্যরা তাঁকে তাৎক্ষণিক আটক করে নিজেদের হেফাজতে নেন।
তিনি আরও জানান, দুই দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পর মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে সীমান্তের ১২৬৩/১ এস পিলার এলাকায় বিজিবি ও বিএসএফের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আটক বিএসএফ সদস্যকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে বিছনাকান্দিতে এক বাংলাদেশি পর্যটককে মারধরের অভিযোগ উঠেছে ওই বিএসএফ সদস্যের বিরুদ্ধে। এ বিষয়ে জানতে চাইলে বিজিবির অধিনায়ক বলেন, বিষয়টি তিনি শুনেছেন, তবে এখনো নিশ্চিত হতে পারেননি।
স্থানীয় সূত্র জানায়, ঘটনার আগে বিছনাকান্দি পর্যটন এলাকায় কয়েকজন পর্যটকের সঙ্গে ওই বিএসএফ সদস্যের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে পর্যটকদের মারধরের উদ্দেশ্যে তিনি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয় লোকজন ও পর্যটকেরা তাঁকে আটক করে বিছনাকান্দি বিজিবি ক্যাম্পে খবর দেন। খবর পেয়ে বিছনাকান্দি বিওপির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে নিজেদের হেফাজতে নেন।
সীমান্তের প্রায় ২০০ গজ অভ্যন্তরে একজন বিএসএফ সদস্যের অস্ত্রসহ অনুপ্রবেশ ও আটকের ঘটনায় সীমান্ত এলাকায় বিষয়টি নিয়ে গুরুত্বের সঙ্গে কাজ করছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। সীমান্ত অতিক্রমের ঘটনায় পতাকা বৈঠকের মাধ্যমে দ্রুত সমাধান করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।






