সুনামগঞ্জ, ৬ অক্টোবর: সুনামগঞ্জের ছাতক থেকে ৭৮ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।
এসআরবি-৯ জানায়, বাংলাদেশ পুলিশের বিশেষায়িত বাহিনী হিসেবে জননিরাপত্তা নিশ্চিতকরণ, সন্ত্রাসবাদ ও উগ্রবাদ দমন, সংঘবদ্ধ ও গুরুতর অপরাধ প্রতিরোধ, মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, হত্যা, ধর্ষণ, অপহরণ, মানবপাচার ও সাইবার অপরাধসহ বিভিন্ন অপরাধ দমন এবং অপরাধ সংক্রান্ত গোয়েন্দা তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ এসআরবি।
এরই ধারাবাহিকতায় এসআরবি-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন বড় কাপন বাজারে অবস্থানকালে গত ৫ অক্টোবর ২০২৬ তারিখ আনুমানিক রাত ৮টা ১০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন জাউয়া বাজার ইউনিয়নের দক্ষিণ বড় কাপন এলাকার একটি বসতবাড়ির সামনে কাঁচা রাস্তার উপর কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদ পেয়ে এসআরবির আভিযানিক দলটি আনুমানিক রাত ৮টা ২০ মিনিটের সময় ঘটনাস্থলে পৌছালে এসআরবির উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ৩/৪ জন ব্যক্তি তিনটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তা ফেলে রেখে কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে তাদের ফেলে যাওয়া তিনটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৭৮ বোতল বিদেশি মদ উদ্ধার করে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অজ্ঞাতনামা ৩/৪ জন ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামত সুনামগঞ্জ জেলার ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।





