সুনামগঞ্জ: সুনামগঞ্জের দোয়ারাবাজারে গরু চুরির অভিযোগে তিনজনকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ সময় তাদের চোখে চুন ঢেলে দেওয়া এবং একজনের পা ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার ভোরে উপজেলার পালইছড়া এলাকায় দুটি গরুসহ সোনাই মিয়া নামে এক যুবককে আটক করেন স্থানীয়রা। পরে তাঁর দেওয়া তথ্যে আবু বক্কর ও নিজাম উদ্দিন নামে আরও দুজনকে বাড়ি থেকে আটক করা হয়।
পরে বাংলাবাজারের কাছে পালইছড়া জান্নাতুল জান্নাত জামে মসজিদের সামনে স্থানীয়রা সালিশে বসেন। অভিযোগ রয়েছে, সালিশ চলাকালে তিনজনের হাত-পা বেঁধে নির্যাতন করা হয়। একপর্যায়ে তাদের চোখে চুন ঢেলে দেওয়া হয়। কুড়াল দিয়ে আঘাত করে আবু বক্করের ডান পা ভেঙে দেওয়ারও অভিযোগ রয়েছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে তিনজনকে মাটিতে পড়ে থাকতে দেখা যায়। তাদের শরীর অনাবৃত এবং নাক, মুখ ও চোখে চুন লাগানো ছিল। একজনের পা রক্তাক্ত অবস্থায় দেখা যায়। এ সময় ঘটনাস্থলে স্থানীয় লোকজনের পাশাপাশি পুলিশ সদস্যদেরও দেখা যায়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে উদ্ধার করে। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। একই সঙ্গে গরু দুটি জব্দ করা হয়েছে।
দোয়ারাবাজার থানার ওসি মো. তরিকুল ইসলাম তালুকদার বলেন, স্থানীয়দের কাছ থেকে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। কোনো পক্ষ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





