জাতীয় মুট কোর্টে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ

জাতীয় মুট কোর্টে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ - Surma Times | Sylhet News

IMG_4322 - Surma Times | Sylhet Newsঢাকা, ২৯ আগস্ট: দেশে প্রথমবারের মতো আয়োজিত জাতীয় মেরিটাইম মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (NDUB)। ফাইনালে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে হারিয়ে এই শিরোপা জয় করে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দল। বিএমইউ-বিএসআইএল প্রথম জাতীয় মেরিটাইম মুট কোর্ট প্রতিযোগিতা ২০২৬-এ অংশগ্রহণকারী ৪১টি দলকে পেছনে ফেলে তারা এই সাফল্য অর্জন করে।

গত ২১ ও ২২ আগস্ট বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয় (বিএমইউ) ক্যাম্পাসে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের মেরিটাইম গভর্ন্যান্স অ্যান্ড পলিসি অনুষদের মেরিটাইম ল অ্যান্ড পলিসি বিভাগ এবং বাংলাদেশ সোসাইটি অব ইন্টারন্যাশনাল ল (বিএসআইএল) যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে। মেরিটাইম আইনকে কেন্দ্র করে দেশে এ ধরনের প্রথম জাতীয় পর্যায়ের মুট কোর্ট প্রতিযোগিতা এটি।

দেশের ৩৩টি বিশ্ববিদ্যালয় থেকে মোট ৪২টি দল প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতার বিভিন্ন ধাপে আইন শিক্ষার্থীদের যুক্তি উপস্থাপন, গবেষণা ও আইনি বিশ্লেষণের দক্ষতা যাচাই করা হয়।

ফাইনাল রাউন্ডের বিচারক প্যানেলে ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সিকদার মাহমুদুর রাজী, জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউটের প্রশাসন বিভাগের পরিচালক ও সাবেক জেলা ও দায়রা জজ এ.ই.এম. ইসমাইল হোসাইন এবং জেলা ও দায়রা জজ ড. মাসরুর সালেকিন।

ফাইনাল অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আনিক আর. হক। অনুষ্ঠানে বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার অ্যাডমিরাল ড. খন্দকার আখতার হোসেনও উপস্থিত ছিলেন।

চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দলে ছিলেন দুই ওরালিস্ট মেহেরুন ইসলাম পায়েল ও নুসরাত জাহান তোহা এবং গবেষক রাইয়ান শিকদার। দলের কোচ ছিলেন সানজিদা হায়দার সুহা।

চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি মেমোরিয়াল রাউন্ডে পঞ্চম স্থান অর্জন করেছে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। আর প্রতিযোগিতায় রানার-আপ হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়।

মেরিটাইম আইনকে কেন্দ্র করে দেশে আয়োজিত এই প্রথম জাতীয় পর্যায়ের মুট কোর্ট প্রতিযোগিতা আইন শিক্ষার্থীদের যুক্তি উপস্থাপন, গবেষণা ও আইনি বিশ্লেষণের দক্ষতা বিকাশে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article