সিলেট, ২৭ আগস্ট: সিলেট নগরীতে একদিনে তিনটি আলাদা ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। শাহপরাণ এলাকা থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে, ধোপাগুল এলাকায় মদসহ এক যুবককে আটক করা হয়েছে। আর কদমতলী বাস টার্মিনাল এলাকা থেকে উদ্ধার করা হয়েছে আরেক ব্যক্তির মরদেহ।
ঝুলন্ত লাশ উদ্ধার
সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন শিবগঞ্জ এলাকা থেকে তুহিন (১৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরের দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।
তুহিন সিলেট জেলার জকিগঞ্জ থানাধীন থানাবাজার ইউনিয়নের মুমিনপুর এলাকার আব্দুল মালিকের ছেলে। বর্তমানে সে সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন ২০ নম্বর ওয়ার্ড শিবগঞ্জ মজুমদার পাড়া এলাকার জসিম মিয়ার কলোনির বাসিন্দা ছিলেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে ওই কলোনির ভাড়াটিয়া তুহিনের ঝুলন্ত লাশ দেখতে পান তার স্ত্রী। ওই সময় স্ত্রী উপশহর সাদারপাড়া এলাকা থেকে বাসায় এসে ঘরের ভেতরে স্বামীর মরদেহ ঝুলতে দেখেন। তাৎক্ষণিকভাবে তিনি স্থানীয়দের সহায়তায় শাহপরাণ (রহ.) থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তুহিনের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ। তিনি বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মদসহ গ্রেপ্তার
সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল এলাকার একটি হোটেলের সামনে অভিযান চালিয়ে মদসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) পৌনে ১১টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম জুনেদ (১৯)। সে সিলেটের জৈন্তাপুর থানার চতুল এলাকার মৃত আব্দুস ছত্তার মিয়ার ছেলে। বর্তমানে সে সিলেট শাহপরাণ (রহ.) থানাধীন পীরেরবাজার এলাকার স্বপন মিয়ার বাসার ভাড়াটিয়া।
পুলিশ জানায়, বুধবার পৌনে ১১টার দিকে এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল পয়েন্টের ভাই ভাই হোটেলের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশাকে (রেজি নং-সিলেট-থ-১১-৪৮৯৬) সংকেত দিয়ে তল্লাশি চালানো হয়। তখন সিএনজিটির ভেতর থেকে ৪৮ বোতল ‘এসি ব্ল্যাক পিউর গ্রেইন ডিলাক্স হুইসকি’ মদসহ জুনেদকে গ্রেপ্তার করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, “উক্ত ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানার মামলা নং-২৩, তারিখ-২৭/০৮/২০২৬খ্রি., ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(খ)/৩৮/৪১ রুজু হয়। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”
কদমতলী বাস টার্মিনাল এলাকায় এক ব্যক্তির লাশ
সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী বাস টার্মিনাল এলাকা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত ব্যক্তির নাম দুলাল মিয়া (৪৬)। তিনি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার খিদিরপুর গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে বলে জানা গেছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী বাস টার্মিনাল এলাকায় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার কার্যক্রম চালায়।
কদমতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মফিজুর রহমান বলেন, “মারা যাওয়া এই ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।”






