৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল - Surma Times | Sylhet News

৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল - Surma Times | Sylhet Newsসিলেট, ২০ আগস্ট:  দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। মোট ভোটার ছিলেন ৩৪৯ জন।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা গেজেটে রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হয়।

এর আগে সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯১ সালে। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী আবদুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত বদরুদ্দোজা চৌধুরী পেয়েছিলেন ৯২ ভোট।

পরবর্তী তিন দশকের বেশি সময়ে রাষ্ট্রপতি নির্বাচনে সাধারণত ক্ষমতাসীন দলের প্রার্থী একক প্রার্থী থাকায় ভোটগ্রহণের প্রয়োজন হয়নি। ফলে ২০২৬ সালের নির্বাচনটি ১৯৯১ সালের পর প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হিসেবে উল্লেখ করা হচ্ছে।

গেজেট প্রকাশের মাধ্যমে নির্বাচনের গুরুত্বপূর্ণ আইনি ধাপ সম্পন্ন হয়েছে। শুক্রবার ২১ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণের কথা রয়েছে। এরপর আনুষ্ঠানিকভাবে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article