সিলেট, ২০ আগস্ট: শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় সৃজনশীলতা ও উদ্ভাবনী দক্ষতা বিকাশ এবং তা উদযাপনের লক্ষ্যে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এসআইইউ) ইংরেজি বিভাগ আয়োজিত পোস্টার ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দিনব্যাপী আয়োজিত এ ফেস্টিভ্যালকে ঘিরে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রতিযোগিতাকে কেন্দ্র করে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ দর্শনার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অভিভাবকেরা সিলেটে প্রথমবারের মতো আয়োজিত এ আয়োজনকে ইংরেজি ভাষাচর্চার ব্যতিক্রমী ও সৃজনশীল উদ্যোগ হিসেবে অভিহিত করেন।
সকালে জাতীয় সংগীতের মাধ্যমে ফেস্টিভ্যালের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর শুরু হয় মূল প্রতিযোগিতা। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়—এই তিন ক্যাটাগরিতে পৃথক তিনটি বিষয়ের ওপর শিক্ষার্থীরা দলগতভাবে পোস্টার তৈরি ও উপস্থাপন করেন। এ সময় প্রতিযোগীরা বিচারকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
প্রতিযোগিতা চলাকালে বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক তোতিউর রহমান, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক মো. শামসুল আলম, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন মো. খালেদ হোসেন, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. রেজাউল কবীর, আইকিউসির অতিরিক্ত পরিচালক মাহমুদুল হাসান খান এবং সিএসই বিভাগের প্রধান উমর ফারুক জাহাঙ্গীর।
প্রতিযোগিতা শেষে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আশরাফুল আলম।
তিনি বলেন, ইংরেজি ভাষায় সৃজনশীলতা প্রকাশের গুরুত্বপূর্ণ শৈল্পিক মাধ্যম হলো পোস্টার। এসআইইউর ইংরেজি বিভাগ সবসময় শিক্ষার্থীদের পাঠ্যক্রমের বাইরেও নন্দনচর্চায় উৎসাহিত করে। পোস্টার ফেস্টিভ্যাল সেই ধারাবাহিকতারই সফল প্রয়াস।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ভাষা ও প্রযুক্তি বর্তমানে সাফল্যের অন্যতম নিয়ামক। তাই একবিংশ শতাব্দীর উপযোগী এসব দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। পোস্টার ফেস্টিভ্যালের মতো আয়োজন শিক্ষার্থীদের মনন ও সৃজনশীলতার বিকাশে সহায়ক ভূমিকা রাখে।
ইংরেজি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক প্রণবকান্তি দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পোস্টার ফেস্টিভ্যালের আহ্বায়ক সহকারী অধ্যাপক স্বাতী রানী দেবনাথ।
ইংরেজি বিভাগের প্রভাষক অনামিকা সাহার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ এবং মানবিক অনুষদের ডিন অধ্যাপক মো. শফিউল আলম।
এ ছাড়া প্রতিযোগিতার বিচারকদের পক্ষ থেকে বক্তব্য দেন এম. সাইফুর রহমান ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রধান শেখ মোহাম্মদ জাকির হোসেন। প্রতিযোগীদের পক্ষে বক্তব্য দেন স্কলার্সহোমের শিক্ষার্থী সম্প্রীতি চক্রবর্তী রাই।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে তিনটি ক্যাটাগরিতে বিজয়ী দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। স্কুল ক্যাটাগরিতে ব্রিজ একাডেমি, কলেজ ক্যাটাগরিতে বর্ডার গার্ড স্কুল অ্যান্ড কলেজ এবং বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটি দল চ্যাম্পিয়ন হয়।
আয়োজকেরা জানান, সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৩২টি দল এবারের পোস্টার ফেস্টিভ্যালে অংশ নিয়ে নিজেদের সৃজনশীলতা ও দক্ষতা প্রদর্শন করেছে।






