চাঁদাবাজির মামলায় যুবলীগ নেতা খুকু ও চুপ্পু কারাগারে

চাঁদাবাজির মামলায় যুবলীগ নেতা খুকু ও চুপ্পু কারাগারে - Surma Times | Sylhet News

চাঁদাবাজির মামলায় যুবলীগ নেতা খুকু ও চুপ্পু কারাগারে - Surma Times | Sylhet Newsসিলেট, ১৭ আগস্ট: সিলেট শহরতলীর টুকেরবাজার ইউনিয়নের চাতলীবন্দ এলাকায় নারী উদ্যোক্তার কৃষি খামারে চাঁদাবাজি ও হামলার মামলায় যুবলীগ নেতা মো. নুরুল আমিন খুকু ও নিষিদ্ধ কার্যক্রমের ছাত্রলীগ নেতা রুহুল আমিন ওরফে চুপ্পুর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। পরে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

রোববার (১৬ আগস্ট) সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক এ আদেশ দেন।

আসামিরা হলেন সিলেট সদর উপজেলার ৬ নম্বর টুকেরবাজার ইউনিয়নের চাতলীবন্দ গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে নুরুল আমিন খুকু এবং রুহুল আমিন ওরফে চুপ্পু।

মামলার নথি ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের ১৩ মার্চ চাতলীবন্দ গ্রামের হালিমা অ্যান্ড হাসিনা এগ্রোফার্মে চাঁদা না পেয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। হামলায় খামারের মালিক আহত হন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করা হয়। মামলাটির নম্বর ১৭ (১৫/০৩/২০২৬)। মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন বিমানবন্দর থানার এসআই আতিকুর রহমান।

এই মামলায় আসামিরা হাইকোর্ট বিভাগ থেকে আট সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন। জামিনের মেয়াদ শেষ হলে রোববার তাঁরা নিম্ন আদালতে হাজির হয়ে পুনরায় জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম ইয়াহইয়া চৌধুরী সুহেল বলেন, আদালত নুরুল আমিন খুকুসহ দুই আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

নুরুল আমিন খুকুর বিরুদ্ধে আরও পাঁচটি নাশকতা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক কারবারে জড়িত ছিলেন। তবে এসব অভিযোগের সত্যতা আদালতে প্রমাণিত হয়নি।

এর আগে ২০২৫ সালের ১৮ জুলাই হিন্দু সম্প্রদায়ের জমি জোরপূর্বক দখলের চেষ্টা এবং জমি বিক্রি করতে বাধ্য করার অভিযোগে নুরুল আমিন খুকুকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তিনি সিলেট সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও জালালাবাদ থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে মামলাসংশ্লিষ্টরা জানিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, জামিনে মুক্তির পর তিনি আবারও চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। প্রবাসীদের জমি লক্ষ্য করে চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

হালিমা অ্যান্ড হাসিনা এগ্রোফার্মে হামলা, ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির ঘটনা নিয়ে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলা এবং ক্যামেরা ভাঙচুরের অভিযোগও করা হয়েছে। এ ছাড়া ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা এবং ৪ আগস্ট নগরের কোর্ট পয়েন্টে সশস্ত্র অবস্থানের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

খুকুর বিরুদ্ধে সিলেট কোতোয়ালি মডেল থানায় মামলা নম্বর ৫০ (৩০/১২/২০২৪), ০১ (১২/০৯/২০২৪) ও ২৫ (১২/০৯/২০২৪) এবং জালালাবাদ থানায় মামলা নম্বর ০৬ (২৪/০৮/২০২৪) ছাড়াও সিলেট মহানগর পুলিশের বিভিন্ন থানায় আরও মামলা রয়েছে বলে মামলাসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দুই আসামিকে কারাগারে পাঠানোর খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

এ বিষয়ে বিমানবন্দর থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা আতিকুর রহমানের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article