সাঈদীর তাফসিরে বহু মানুষের জীবনের মোড় ঘুরেছে: মাওলানা দিলাওয়ার

সাঈদীর তাফসিরে বহু মানুষের জীবনের মোড় ঘুরেছে: মাওলানা দিলাওয়ার - Surma Times | Sylhet News

সাঈদীর তাফসিরে বহু মানুষের জীবনের মোড় ঘুরেছে: মাওলানা দিলাওয়ার - Surma Times | Sylhet Newsসিলেট, ১৬ আগস্ট: বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.) অর্ধশতাব্দী ধরে মানুষকে আল্লাহর পথে আহ্বান করেছেন। হেদায়াতের আলোয় জাতিকে আলোকিত করতে কাজ করেছেন এবং দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে গিয়ে মানুষকে কোরআনের দিকে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়েও আল্লামা সাঈদীর তাফসিরের প্রভাব ছড়িয়ে পড়েছিল। শীতের রাতে খোলা মাঠে চাদর মুড়ি দিয়ে লাখো মানুষ তাঁর কণ্ঠে কোরআনের তাফসির শুনেছেন। তাঁর আলোচনায় বহু মানুষের জীবনের মোড় ঘুরে গেছে।

রোববার (১৬ আগস্ট) দুপুরে কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা নাজিরেরগাঁও শাখা আয়োজিত ‘শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)-এর জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পাঠক ফোরামের পরিচালক হাফিজ ফাহাদ আহমদের সভাপতিত্বে এবং ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক সৈয়দের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন আইমান আল কাবীর।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার আরও বলেন, মানুষের ভালোবাসা আল্লামা সাঈদীকে তাফসিরের ময়দান থেকে জাতীয় সংসদে নিয়ে গিয়েছিল। তাঁর ফাঁসির রায়ের দিন দেশজুড়ে মানুষের ঢল নেমেছিল। প্রিয় নেতার প্রতি ভালোবাসা এবং তাঁর ওপর জুলুমের প্রতিবাদে অসংখ্য মানুষ রাজপথে নেমে এসেছিলেন। সেই প্রতিবাদে দেড় শতাধিক মানুষ শহীদ হন বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, বছরের পর বছর আল্লামা সাঈদী কারাবন্দি ছিলেন। আজ তিনি আমাদের মাঝে নেই। সময়ের পালাবদলে তাঁকে বন্দি রাখা সেই শাসনেরও অবসান হয়েছে। তবে রয়ে গেছে তাঁর কণ্ঠের স্মৃতি, তাফসির, কর্ম এবং অসংখ্য মানুষের ভালোবাসা।

অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন পাঠক ফোরামের পৃষ্ঠপোষক মাওলানা হানীফ হোসাইন, খোরশেদ আলম মহসিন, মো. শাহীন আলম, শেখ মো. ইউনুস আলী, মাওলানা আবদাল হোসাইন, সিদ্দিকুর রহমান, আলাউদ্দিন, হাফিজ মেহেদী হাসান, মাওলানা আব্দুল খালিক, হাফিজ ইমরান আহমদ, মাওলানা আমীর হোসাইন, মাওলানা কায়েস আহমদ, মাওলানা হোসাইন আহমদ, তানভীর আহমদ ও হাফিজ সাইদুজ্জামানসহ অনেকে।

আলোচনা সভা শেষে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)-এর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article