সিলেট, ১২ আগস্ট: সিলেট মহানগরের রায়নগর আবাসিক এলাকায় একটি বাসা থেকে স্বামী, স্ত্রী ও তাদের গৃহপরিচারিকার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে রায়নগরের মিতালী ১১১ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন রায়নগর রাজবাড়ী এলাকার বাসিন্দা মৃত আবরু মিয়ার ছেলে এম এ সাত্তার (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭২) এবং একই বাসার গৃহকর্মী জল্লারপাড় এলাকার তাহমিনা (১৫)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপকমিশনার মো. মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসার ভেতর থেকে তিনটি মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদের গলা কেটে হত্যা করা হয়েছে।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। পুলিশ লাশ উদ্ধারের পাশাপাশি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা করছে।
পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম গণমাধ্যমকে জানান, প্রাথমিক তথ্য পাওয়া গেছে যে, বাড়িতে দরজা বন্ধ ছিল এবং নিচ দিয়ে রক্ত পড়ছিল। সাথে সাথে পুলিশ টিম ঘটনাস্থলে যায়। দরজা খুলে প্রতিবেশীরা পুলিশকে জানায়। ক্রাইমসিন দোতলা পর্যবেক্ষণ করা হচ্ছে। পিবিআই ও সিআইডির ক্রাইমসিন টিমও চলে আসছে। একটা স্পেশাল টিম গঠন করে দেওয়া হয়েছে তদন্ত করার জন্য।
ভাড়াটিয়ার বক্তব্য অনুযায়ী সকালে চিৎকারচেচামেচি শোনা গেছে। সে হিসেবে সকালেই ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
নিহত দম্পত্তির ভাগনে মুন্না মিয়া জানান, রায়নগরে বাসায় মা-মামি একাই থাকতেন। তাদের সাথে এক কাজের মেয়ে থাকতো। সকাল ৯টার দিকেও তাদের সাথে আলাপ হয়েছে। ধারণা করা হচ্ছে ৯টার পর তাদের হত্যা করা হয়েছে।
ব্যবসায়ী আব্দুস সত্তার মিয়া চেম্বার অব কমার্সের সদস্য ছিলেন। তিনি রায়নগরে নিজের বাসায়ই থাকতেন। এই দম্পত্তির চার সন্তানের মধ্যে দুই সন্তান লন্ডনে ও দুই সন্তান আমেরিকায় থাকেন।
দুপুর ১২টা পর্যন্ত ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছিল পুলিশ। পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।






