সিসিকে পিপিপি প্রশিক্ষণ সমাপ্ত, পাইলট প্রকল্পের উদ্যোগ নেবে সিটি করপোরেশন

সিসিকে পিপিপি প্রশিক্ষণ সমাপ্ত, পাইলট প্রকল্পের উদ্যোগ নেবে সিটি করপোরেশন - Surma Times | Sylhet News

সিসিকে পিপিপি প্রশিক্ষণ সমাপ্ত, পাইলট প্রকল্পের উদ্যোগ নেবে সিটি করপোরেশন - Surma Times | Sylhet Newsসিলেট, ৯ আগস্ট: নগর সেবার মান উন্নয়ন ও অবকাঠামোগত চাহিদা পূরণে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপিকে গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছে সিলেট সিটি করপোরেশন। রোববার (৯ আগস্ট) নগরীর দরগা গেইটস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে সিলেট সিটি করপোরেশন ও এসএনভি নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ‘সাসটেইনেবল আরবান ওয়াটার সাইকেলস (এসইউডব্লিউসি)’ কর্মসূচির আওতায় আয়োজিত পিপিপি বিষয়ক দুই দিনের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে এ কথা জানান সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

সমাপনী অনুষ্ঠানে প্রশাসক বলেন, সিলেটের নগর সেবার মান উন্নয়ন ও অবকাঠামোগত চাহিদা পূরণে পিপিপি একটি গুরুত্বপূর্ণ সুযোগ। সীমিত সরকারি অর্থায়নের পাশাপাশি বেসরকারি খাতের অর্থ, প্রযুক্তি ও ব্যবস্থাপনা দক্ষতাকে কাজে লাগাতে আগ্রহী তারা। প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তারা পিপিপির কাঠামো, প্রকল্প প্রস্তুতি ও ঝুঁকি ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব ধারণা পেয়েছেন বলে জানান তিনি। তিনি আরও বলেন, এখন একটি সম্ভাবনাময় প্রকল্পকে পাইলট হিসেবে এগিয়ে নিতে চান তারা। এজন্য একজন ফোকাল পয়েন্ট নিয়োগ এবং পর্যায়ক্রমে পৃথক পিপিপি সেল গঠন করা হবে। পিপিপি কর্তৃপক্ষের সহযোগিতায় একটি বাস্তবসম্মত ও টেকসই প্রকল্প প্রস্তুত করে বাস্তবায়নের দিকে এগিয়ে যাওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

আট ও নয় আগস্ট দুই দিনব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার। প্রশিক্ষণে অংশ নেন সিটি করপোরেশনের ৩৬ জন কর্মকর্তা।

প্রশিক্ষণ শেষে বক্তব্যে সংশ্লিষ্টরা জানান, সিলেট সিটি করপোরেশন একটি পিপিপি প্রকল্প পাইলট আকারে বাস্তবায়নের উদ্যোগ নেবে। প্রথমে নিয়োগ দেওয়া হবে একজন পিপিপি ফোকাল পয়েন্ট। এরপর পর্যায়ক্রমে গঠন করা হবে একটি পৃথক পিপিপি সেল, যা পিপিপি প্রকল্পের প্রস্তুতি ও বাস্তবায়ন-সংক্রান্ত কাজ পরিচালনা করবে এবং পিপিপি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করবে।

প্রশিক্ষণে সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আলী আকবর এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ একলিম আবদীন।

প্রথম দিনের প্রশিক্ষণে আলোচনা হয় নগর সেবার বর্তমান পরিস্থিতি, প্রচলিত সরকারি অর্থায়নের সীমাবদ্ধতা, পিপিপির ধারণা ও কাঠামো এবং পিপিপি আইন-২০১৫-এর আওতায় বাংলাদেশের পিপিপি কাঠামো নিয়ে। এর পাশাপাশি ক্রয় পদ্ধতি, চুক্তি ব্যবস্থাপনা এবং কর্মদক্ষতা পর্যবেক্ষণের বিষয়গুলোও আলোচনায় স্থান পায়।

দ্বিতীয় দিনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল সিটি করপোরেশনের বিভিন্ন খাতে পিপিপির সম্ভাবনা, যার মধ্যে রয়েছে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, পানি সরবরাহ, পার্কিং, বাজার, টার্মিনাল ও সড়কবাতি। এসময় প্রকল্পে ঝুঁকি বণ্টন, অর্থায়নের মৌলিক বিষয় এবং ঋণদাতাদের বিবেচ্য বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

প্রশিক্ষণের অংশ হিসেবে অংশগ্রহণকারীরা দলগতভাবে বিভিন্ন প্রকল্পের ধারণা তৈরি করেন, যা পরবর্তীতে সিলেট সিটি করপোরেশনের জন্য একটি কর্মপরিকল্পনার খসড়ায় রূপ নেয়। প্রতিটি দল আগামী ৯০ দিনের মধ্যে তিনটি করে কাজ সম্পন্ন করার অঙ্গীকার করে।

প্রশিক্ষণে সম্পদ ব্যক্তি হিসেবে অংশ নেন পিপিপি কর্তৃপক্ষের পরিচালক মো. আলী আজম আল আজাদ, পিপিপি বিশেষজ্ঞ এম মুর্শেদ হায়দার এবং এসএনভির পাবলিক ফাইন্যান্স অ্যাডভাইজার এম জি শাওন, সিএফএ।

সিটি করপোরেশন সংশ্লিষ্টরা মনে করছেন, সিলেটে ক্রমবর্ধমান নগর সেবার চাহিদা পূরণে পিপিপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সীমিত পৌর বাজেটের মধ্যে বর্জ্য সংগ্রহ, পয়ঃনিষ্কাশন, পানি সরবরাহ ও বাজার অবকাঠামোর মতো খাতে প্রয়োজনীয় বিনিয়োগ নিশ্চিত করা কঠিন হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে বেসরকারি খাতের অর্থায়ন ও পরিচালন দক্ষতা কাজে লাগানোর সুযোগ তৈরি করতে পারে পিপিপি।

তবে এ ধরনের প্রকল্প সফল করতে ঝুঁকি যথাযথভাবে বণ্টন, কার্যকর চুক্তি ব্যবস্থাপনা এবং প্রকল্পের আর্থিক ও কারিগরি সম্ভাব্যতা নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফোকাল পয়েন্ট ও পৃথক পিপিপি সেল গঠনের মাধ্যমে এসব বিষয়ে সিটি করপোরেশনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়বে বলেও তারা আশা প্রকাশ করেন।

সীমিত সরকারি বরাদ্দের মধ্যে দ্রুত নগরায়ণের চাপ সামলাতে গিয়ে দেশের অধিকাংশ সিটি করপোরেশনই একই ধরনের অর্থায়ন সংকটে পড়ে। সিলেট সিটি করপোরেশনের এই পিপিপিমুখী উদ্যোগ সফল হলে তা ভবিষ্যতে দেশের অন্যান্য সিটি করপোরেশনের জন্যও একটি অনুসরণযোগ্য মডেল হয়ে উঠতে পারে বলে মনে করছেন নগর উন্নয়ন বিশেষজ্ঞরা।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article