সিলেট: চলতি বছরের জুনের তুলনায় জুলাই মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেড়েছে। জুলাই মাসে বিভাগজুড়ে ২৮টি সড়ক দুর্ঘটনায় ৩১ জন নিহত এবং ৭৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জনই মোটরসাইকেলের চালক ও আরোহী।
নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রকাশিত জুলাই মাসের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। শনিবার (৮ আগস্ট) প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, জুলাই মাসে সিলেট জেলায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে। এ জেলায় ১৫টি সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। হবিগঞ্জ জেলায় ৫টি দুর্ঘটনায় ৮ জন নিহত ও ৩২ জন আহত হয়েছেন। সুনামগঞ্জে ৪টি দুর্ঘটনায় ৪ জন নিহত ও ১৪ জন আহত এবং মৌলভীবাজারে ৪টি দুর্ঘটনায় ৪ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন।
নিসচার প্রতিবেদনে জুলাই মাসে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, নিয়ম না মেনে ওভারটেকিং, মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা, পথচারীদের মধ্যে সচেতনতার অভাব এবং সড়ক নির্মাণের ত্রুটিকে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, জুলাই মাসে সিলেট বিভাগে ৯টি সড়ক দুর্ঘটনায় ১৩ জন মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছেন। এছাড়া ৬টি দুর্ঘটনায় ৬ জন সিএনজি ও টমটম চালক ও আরোহী, ৮টি দুর্ঘটনায় ৯ জন চালক এবং ৬টি দুর্ঘটনায় ৬ জন পথচারী প্রাণ হারিয়েছেন।
দুর্ঘটনার ধরন বিশ্লেষণ করে প্রতিবেদনে আরও বলা হয়, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে যাওয়ার ৫টি ঘটনায় ৬ জন, মুখোমুখি সংঘর্ষের ৭টি ঘটনায় ৮ জন এবং গাছ ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে আঘাতের ২টি ঘটনায় ৩ জন নিহত হয়েছেন।
জুলাই মাসে নিহত ৩১ জনের মধ্যে ২৫ জন পুরুষ, ২ জন নারী ও ৪ জন শিশু রয়েছেন।
নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকা, দুটি জাতীয় দৈনিকের তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা এবং নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।
জুনের তুলনায় জুলাইয়ে দুর্ঘটনা ও প্রাণহানি দুটোই বেড়েছে। নিসচার তথ্য অনুযায়ী, জুন মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ২৯ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছিলেন। এক মাসের ব্যবধানে জুলাইয়ে দুর্ঘটনা কমলেও প্রাণহানি বেড়েছে ২ জন এবং আহতের সংখ্যা বেড়েছে ৩৯ জন।






