সিলেট, ৮ আগস্ট: সিলেট-আখাউড়া রেলপথকে ডুয়েলগেজ সিঙ্গেল লাইনের পরিবর্তে ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নীত করার জোরালো দাবি জানিয়েছে সিলেট বিভাগ গণদাবি পরিষদ। আখাউড়া থেকে সিলেট পর্যন্ত রেলপথ ডুয়েলগেজে উন্নীত করার উদ্যোগের পাশাপাশি ডাবল লাইন নির্মাণের দাবি জানিয়েছে সংগঠনটি।
শনিবার, ৮ আগস্ট, এক যৌথ বিবৃতিতে সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্কর, পর্তুগাল শাখার সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক সানী আহমেদ সুমন এবং নিউইয়র্ক শাখার আহ্বায়ক মাহবুবুর রহমান চৌধুরী এ দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজে রূপান্তরের উদ্যোগ ইতিবাচক। তবে এটিকে ডাবল লাইনে উন্নীত না করে সিঙ্গেল লাইন করা হলে তা সিলেটবাসী মেনে নেবে না।
তাঁরা বলেন, সিঙ্গেল লাইন হলে ট্রেন চলাচলের সময় এক ট্রেনকে অন্য ট্রেনের ক্রসিংয়ের জন্য অপেক্ষা করতে হবে। এতে শিডিউল বিপর্যয়ের ঝুঁকি থেকেই যাবে। পাশাপাশি কোনো দুর্ঘটনা বা লাইনে সমস্যা দেখা দিলে পুরো রেলপথ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে।
গণদাবি পরিষদের নেতারা আরও বলেন, ভবিষ্যতে ট্রেন চলাচল ও পণ্য পরিবহনে চাপ বাড়লে আবার নতুন করে ডাবল লাইনের প্রকল্প নিতে হবে। এতে সময় ও অর্থ উভয়ই অপচয় হবে। তাই শুরুতেই দূরদর্শী পরিকল্পনার মাধ্যমে সিলেট-আখাউড়া রেলপথে ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণের দাবি জানান তাঁরা।
বিবৃতিতে বলা হয়, সিলেট বিভাগের প্রবাসীরা প্রতিবছর প্রায় ২০ হাজার কোটি টাকার রেমিট্যান্স দেশে পাঠিয়ে অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এর পরও সিলেটের অবকাঠামোগত উন্নয়নে অবহেলা ও গড়িমসি করা হচ্ছে বলে অভিযোগ করেন নেতৃবৃন্দ।
সিলেট বিভাগের মন্ত্রী ও সংসদ সদস্যদের অবকাঠামোগত উন্নয়নে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে তাঁরা বলেন, সিলেটের উন্নয়নে কোনো আপস নয়, টেকসই পরিকল্পনাই অগ্রাধিকার দিতে হবে।





