সিলেট ও সুনামগঞ্জ সহ ১০ জেলায় বন্যার আশঙ্কা

উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা, চার জেলায় সতর্কবার্তা - Surma Times | Sylhet News

উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা, চার জেলায় সতর্কবার্তা - Surma Times | Sylhet Newsঢাকা, ৫ আগস্ট: দেশের কয়েকটি অঞ্চলে এবং ভারতের সীমান্তবর্তী উজানে ভারী বৃষ্টির কারণে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দশটি জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।

বুধবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র নদ-নদীর বর্তমান পরিস্থিতি ও আগামী কয়েক দিনের পূর্বাভাসে এই আশঙ্কার কথা জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে। আগামী দুদিনও এই নদীগুলোর পানি বৃদ্ধি পেতে পারে। ফলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চলে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে আকস্মিক প্লাবন দেখা দিতে পারে।

উত্তরাঞ্চলেও একই ধরনের শঙ্কা। রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি দ্রুত বাড়ছে। আগামী ২৪ ঘণ্টায় তিস্তা ও দুধকুমার নদীর পানি কিছু পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা রয়েছে।

ময়মনসিংহ বিভাগেও পরিস্থিতি উদ্বেগজনক। সোমেশ্বরী, ভুলাই ও কংস নদীর পানি আগামী দুই দিন বাড়ার পূর্বাভাস দিয়েছে কেন্দ্র। এর প্রভাবে শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

পূর্বাভাসে আরও জানানো হয়, ব্রহ্মপুত্র ও যমুনা নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আগামী পাঁচ দিন এই প্রবণতা বজায় থাকতে পারে। একই সঙ্গে গঙ্গা-পদ্মা এবং চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, ফেনী ও হালদা নদীর পানিও আগামী তিন দিন বাড়ার সম্ভাবনা রয়েছে।

দেশের বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধির এই ধারাবাহিকতা নিম্নাঞ্চলের মানুষের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article