সিলেট, ২ আগস্ট: সিলেটের ওসমানীনগরে জনাকীর্ণ বাণিজ্যিক এলাকায় প্রকাশ্যে ধারালো অস্ত্রের মহড়া দিয়ে ছিনতাইয়ের চেষ্টা করার সময় দেশীয় অস্ত্রসহ ৩ জনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। গত রোববার সন্ধ্যায় উপজেলার গোয়ালাবাজারে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন উপজেলার বুরুঙ্গাবাজার ইউপির নিজ বুরুঙ্গা গ্রামের আব্দুল জলিলের ছেলে শিপন আহমদ (৩৮), একই গ্রামের দুলা চৌধুরীর ছেলে রোমান চৌধুরী (২৫) এবং ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার মৃত মো. সুলতান মিয়ার ছেলে মো. মাসুদ রানা নিরব (৩০)।
এ ঘটনায় গোয়ালাবাজার ইউপির জায়ফরপুর গ্রামের রাজমত আলীর ছেলে অটোরিকশাচালক রিপন আলী বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে ওসমানীনগর থানায় ছিনতাইয়ের অভিযোগ এনে মামলা দায়ের করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দক্ষিণ গোয়ালাবাজার বুরুঙ্গা অটোরিকশা স্ট্যান্ডে শিপন, রোমান, মাসুদ রানা গং সিএনজি অটোরিকশাচালক রিপন আলীর ওপর ধারালো চাপাতি, বটি ও ডেগার দিয়ে হামলা চালিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় স্থানীয় অটোরিকশাচালক ও উপস্থিত জনতা তাদের অস্ত্রসহ আটক করে রাখেন। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃতদের থানায় নিয়ে আসে।
মামলার বাদী রিপন আলী বলেন, রোববার সন্ধ্যায় শিপন, রোমান, মাসুদ রানা গং ধারালো অস্ত্রের মাধ্যমে তাঁকে ভয় দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে। তাঁর চিৎকারে আশেপাশে উপস্থিত জনতা তাঁকে রক্ষা করে অস্ত্রসহ ছিনতাইকারীদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
ওসমানীনগর থানার ওসি গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে ছিনতাই চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





