‘যশের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য’ বিতর্কে মুখ খুললেন কিয়ারা

‘যশের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য’ বিতর্কে মুখ খুললেন কিয়ারা - Surma Times | Sylhet News

‘যশের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য’ বিতর্কে মুখ খুললেন কিয়ারা - Surma Times | Sylhet Newsমুম্বাই, ২ আগস্ট: মুক্তির আগেই একের পর এক বিতর্কে আলোচনায় রয়েছে কন্নড় সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’। টিজারে যশ ও কিয়ারা আদভানির ঘনিষ্ঠ দৃশ্য, নারী চরিত্রের উপস্থাপন এবং প্রচারণায় নারীদের গুরুত্ব কম দেওয়ার অভিযোগে সমালোচনার মুখে পড়েছে ছবিটি। তবে এসব বিতর্ককে গুরুত্ব না দিয়ে নির্মাণের মান ও গল্পের ওপর আস্থা রাখার কথা বলেছেন অভিনেত্রী কিয়ারা আদভানি।

সম্প্রতি ফেমিনাকে দেওয়া এক সাক্ষাৎকারে কিয়ারা বলেন, শেষ পর্যন্ত দর্শক একটি ভালো গল্প এবং আন্তরিক নির্মাণের সঙ্গেই সংযোগ তৈরি করেন। তার মতে, কোনো চলচ্চিত্রের প্রকৃত মূল্যায়ন হয় এর গল্প, নির্মাণশৈলী ও অভিনয়ের ভিত্তিতে।

ছবিতে ‘নাদিয়া’ চরিত্রে অভিনয় করেছেন কিয়ারা। তিনি জানান, পরিচালক গীতু মোহনদাস যখন চরিত্রটির গল্প তাকে শোনান, তখনই বুঝতে পারেন এটি তার অভিনয়জীবনের অন্যতম চ্যালেঞ্জিং ও পরিপূর্ণ একটি চরিত্র হতে যাচ্ছে।

কিয়ারা বলেন, “নাদিয়ার মধ্যে শক্তি, ভঙ্গুরতা, উন্মাদনা, একাকীত্ব ও সংবেদনশীলতা রয়েছে। একজন অভিনেত্রী হিসেবে যেসব আবেগ প্রকাশ করতে চাই, তার সবই এই চরিত্রে আছে। এমন চরিত্রই একজন শিল্পীর জন্য বিশেষ।”

চরিত্রের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, অভিনয় কেবল ক্যামেরার সামনে দাঁড়িয়ে সংলাপ বলার বিষয় নয়। শুটিং শুরুর অনেক আগে থেকেই চরিত্রের আবেগ, সম্পর্ক, ভয়, প্রেরণা, শরীরী ভাষা, কণ্ঠস্বর, পোশাক ও চলাফেরা নিয়ে দীর্ঘ সময় কাজ করতে হয়।

তার ভাষায়, “দর্শক শুধু পর্দার অভিনয় দেখেন। কিন্তু সেই অভিনয়ের পেছনে যে দীর্ঘ প্রস্তুতি থাকে, সেটি অনেকের চোখে পড়ে না।”

কিয়ারা আরও বলেন, ‘নাদিয়া’ চরিত্রটি তাকে নতুন করে অভিনয়ের প্রেমে পড়তে বাধ্য করেছে। প্রতিটি চরিত্রে নিজের কিছুটা রেখে আসেন এবং প্রতিটি চরিত্র থেকেই নতুন কিছু শেখার সুযোগ পান বলেও উল্লেখ করেন তিনি।

তবে ইতিবাচক অভিজ্ঞতার পাশাপাশি ‘টক্সিক’কে ঘিরে বিতর্ক অব্যাহত রয়েছে। ২০২৫ সালের শেষ দিকে প্রকাশিত প্রথম টিজারে কবরস্থানে ধারণ করা কিছু ইঙ্গিতপূর্ণ দৃশ্য নিয়ে সমালোচনা শুরু হয়। পরে ২০২৬ সালের জানুয়ারিতে কর্ণাটক রাজ্য মহিলা কমিশন ছবির কয়েকটি দৃশ্য নারী ও শিশুদের জন্য ক্ষতিকর হতে পারে বলে অভিযোগ তুলে বিষয়টি সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-এর নজরে আনে।

এরপর ১ জুলাই প্রকাশিত ‘লেডিজ অ্যান্ড লেডিজ’ শিরোনামের দ্বিতীয় টিজার নিয়েও নতুন বিতর্ক তৈরি হয়। সমালোচকদের অভিযোগ, ছবিতে একাধিক গুরুত্বপূর্ণ নারী চরিত্র থাকলেও প্রচারণার কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে শুধু যশকে।

তবে এই সমালোচনার সঙ্গে একমত নন কিয়ারা আদভানি। তার দাবি, ছবির প্রতিটি নারী চরিত্রই স্বতন্ত্র ও গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, “নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া ও রুক্মিণী বসন্তের সঙ্গে কাজ করা দারুণ অভিজ্ঞতা। প্রত্যেকেই নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে পর্দায় হাজির হয়েছেন। দর্শক ভিন্নধর্মী এই নারী চরিত্রগুলো অবশ্যই উপভোগ করবেন।”

শুটিংয়ের অভিজ্ঞতা তুলে ধরে কিয়ারা বলেন, পুরো ইউনিট নতুন কিছু তৈরির লক্ষ্য নিয়েই কাজ করেছে। সেই সৃজনশীল পরিবেশ তাকে চলচ্চিত্রের প্রতি আরও অনুপ্রাণিত করেছে।

হিন্দি ও তেলেগু চলচ্চিত্রে কাজের অভিজ্ঞতার পর কন্নড় সিনেমায় অভিনয় নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। কিয়ারার মতে, বিভিন্ন ভাষার চলচ্চিত্রে কাজ করার সুযোগ তার অভিনয়ের পরিধি আরও বিস্তৃত করেছে।

তিনি বলেন, “তারকাখ্যাতি হয়তো দর্শককে প্রেক্ষাগৃহে নিয়ে আসতে পারে, কিন্তু শেষ পর্যন্ত মানুষের মনে থেকে যায় গল্প। দর্শক সবসময় সততা ও ভালো নির্মাণের সঙ্গেই সংযোগ তৈরি করেন।”

গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’ ছবিতে যশকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। এতে আরও অভিনয় করেছেন কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া ও রুক্মিণী বসন্ত। কেভিএন প্রোডাকশনস ও মনস্টার মাইন্ড ক্রিয়েশনসের প্রযোজনায় নির্মিত ছবিটি কন্নড় ও ইংরেজি ভাষায় ধারণ করা হয়েছে। পরে এটি হিন্দি, তামিল, তেলেগু ও মালয়ালম ভাষায়ও মুক্তি পাবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article