‘বিগ বস ১৩’-এর মাধ্যমে পরিচয়ের পর দীর্ঘ চার বছর সম্পর্কে ছিলেন অভিনেত্রী হিমাংশি খুরানা ও অসীম রিয়াজ। ২০২৩ সালে ধর্মীয় বিশ্বাসের পার্থক্যের কারণে তাঁদের বিচ্ছেদ হয়।
সম্প্রতি পারাস ছাবরার পডকাস্টে নিজের সম্পর্ক ও ধর্মীয় বিশ্বাস নিয়ে কথা বলেছেন হিমাংশি। তিনি জানান, তাঁর সাবেক পার্টনার তাঁকে ধর্মান্তরের বিষয়ে বলেছিলেন এবং নিজের ধর্মের ভালো দিকগুলো বোঝানোর চেষ্টা করেছিলেন। তবে হিমাংশি ধর্ম পরিবর্তনে রাজি হননি।
হিমাংশির ভাষ্য, শৈশব থেকে গড়ে ওঠা ধর্মীয় বিশ্বাস তাঁর পরিচয়ের গভীরে প্রোথিত। তাই অন্য ধর্ম গ্রহণ করলে নিজের বিশ্বাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার মতো অনুভূতি হতো তাঁর। এমনকি ধর্ম পরিবর্তনের পর নিজের শেষকৃত্য কীভাবে হবে—এমন প্রশ্নও তাঁকে ভাবিয়ে তুলেছিল।
নিজের বিশ্বাস নিয়ে দ্বন্দ্বের পর হিমাংশি বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ শুরু করেন। কিন্নর কৈলাশ যাত্রাকে তিনি জীবনের অন্যতম কঠিন ও আবেগঘন অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন।




