সিলেটে বাঁশ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, যুবক নিহত

সিলেটে বাঁশ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, যুবক নিহত - Surma Times | Sylhet News

সিলেটে বাঁশ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, যুবক নিহত - Surma Times | Sylhet Newsসিলেট, ২৭ জুলাই: সিলেট সদর উপজেলার হাটখোলায় বাঁশ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সোমবার সকাল ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। রাত ৮টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মো. আব্দুল্লাহ (২৫) সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের দিঘীরপার গ্রামের ফারুক আহমদ বদুল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নগরীর জালালাবাদ থানাধীন সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের দিঘীরপার গ্রামের ফারুক আহমদ বদুল্লার পরিবারের সঙ্গে প্রতিবেশী মবশ্বির আলীর পরিবারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। সোমবার সকাল ১১টার দিকে বিরোধপূর্ণ একটি বাঁশঝাড় থেকে বাঁশ কাটাকে কেন্দ্র করে প্রথমে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। ওই সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে আব্দুল্লাহসহ উভয় পক্ষের নারী-পুরুষসহ আরও কয়েকজন আহত হন।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। খবর পেয়ে শিবেরবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছায়। পরে রাতে ওই হাসপাতালেই আব্দুল্লাহর মৃত্যু হয়।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল হাবীব জানান, জমি-সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরেই সংঘর্ষের এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article