সিলেট, ৫ আগস্ট: সিলেট মহানগর পুলিশের জালালাবাদ ও দক্ষিণ সুরমা থানা পুলিশের পৃথক অভিযানে ৫১৬ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) পৃথক সময়ে এসব অভিযান চালানো হয় বলে বুধবার (৫ আগস্ট) এসএমপি, সিলেটের মিডিয়া সেল জানিয়েছে।
জালালাবাদ থানার শিবেরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মুশফিকুর রহমানের নেতৃত্বে সোমবার রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে জালালাবাদ থানাধীন ১নং জালালাবাদ ইউনিয়নের কালিরগাঁও এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তোফাজ্জল ইসলামের বাড়ির সামনে তিন রাস্তার মোড়ে ১৬০ পিস ইয়াবাসহ মাসুক মিয়া (৪৫) নামের একজনকে আটক করা হয়।
আটক মাসুক মিয়ার পিতা ইছহাক আলী, তিনি কালিরগাঁও, ১নং জালালাবাদ ইউনিয়ন, থানা-জালালাবাদ, জেলা-সিলেটের বাসিন্দা। এ ঘটনায় জালালাবাদ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর সারণি ১০(ক) ধারায় মামলা নং-১০, তারিখ-০৪/০৮/২০২৬ রুজু করা হয়। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
একইদিন দুপুর আনুমানিক ২টা ৩৫ মিনিটে দক্ষিণ সুরমা থানাধীন সৈয়দপুর সাকিনের কামালবাজারস্থ জোড়া ব্রিজের পূর্ব পাশে গুচ্ছগ্রাম পাকা রাস্তার মাথায় অভিযান চালায় কামালবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) মোঃ আমির হোসেন। এ অভিযানে ৩৫৬ পিস ইয়াবাসহ মোঃ ফরহাদ আহমদ (৩৩) এবং বাদশা মিয়া (৫৮) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।
ফরহাদ আহমদ সিলেট সিটি কর্পোরেশনের সবুজসেনা ১১৭, ব্লক-ডি, থানা-কোতোয়ালী এলাকার বাসিন্দা হলেও বর্তমানে দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। বাদশা মিয়া বিশ্বনাথ উপজেলার পিটাকরা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর টেবিল ১০(ক) ধারায় মামলা নং-০৫, তারিখ-০৪/০৮/২০২৬ রুজু করা হয়েছে। তাদেরও আদালতে সোপর্দ করা হয়েছে।





