রাজনগরে সুদের টাকার চাপে কীটনাশক পান, চিকিৎসাধীন অবস্থায় ফারুকের মৃত্যু

রাজনগরে সুদের টাকার চাপে কীটনাশক পান, চিকিৎসাধীন অবস্থায় ফারুকের মৃত্যু - Surma Times | Sylhet News

রাজনগরে সুদের টাকার চাপে জন্য কীটনাশক পান, চিকিৎসাধীন অবস্থায় ফারুকের মৃত্যু - Surma Times | Sylhet Newsমৌলভীবাজার, ২৪ জুলাই: মৌলভীবাজারের রাজনগরে সুদের টাকার চাপ ও মারধরের অভিযোগের মধ্যে কীটনাশক পান করার পর এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুলাই) ঘটনাটি ঘটলেও বৃহস্পতিবার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত ফারুক আহমদ (৪৫) উপজেলার কামারচাক ইউনিয়নের মৌলভীরচক গ্রামের বাসিন্দা। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে সিলেট ওসমানী হাসপাতালে স্থানান্তর করা হয়।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ফারুক আহমদ পরিবারের তিন ভাইয়ের মধ্যে সবার বড়। তার দুই ছোট ভাইয়ের একজন দুবাই এবং অপরজন পর্তুগাল প্রবাসী। অস্ট্রেলিয়া যাওয়ার প্রস্তুতি এবং পারিবারিক নানা প্রয়োজনে তিনি আর্থিকভাবে ঋণগ্রস্ত হয়ে পড়েন। প্রায় এক বছর আগে স্থানীয় এক নারীর কাছ থেকে স্ট্যাম্পে স্বাক্ষর, চেক এবং কিছু কাগজপত্র দিয়ে এক লাখ টাকা সুদে ধার নেন তিনি।

পরিবারের দাবি, ফারুক নিয়মিত লাভের টাকা পরিশোধ করলেও বকেয়া কিছু টাকা জমে যায়। এ নিয়ে ওই নারীর সঙ্গে তার প্রায়ই বিরোধ হতো এবং সম্প্রতি তা আরও বেড়ে যায়। গত দুই-তিন দিন ধরে সুদের টাকা নিয়ে বিরোধ চরম আকার ধারণ করে। এ সময় ফারুক আহমদ মারধরেরও শিকার হন বলে পরিবারের লোকজন দাবি করেন।

নিহতের মা আজিজুন নেছা জানান, দুই দিন আগে তিনি ছেলের মাথায় আঘাতের চিহ্ন দেখতে পান। বিষয়টি জানতে চাইলে ফারুক তাকে জানান, সুদের টাকা নিয়ে চাপ দেওয়া ওই নারী তাকে মারধর করেছেন। তিনি আরও বলেন, বুধবার বিকেলে আবারও সুদের টাকার জন্য ওই নারী ফারুককে ফোন দেন। ফোনালাপের একপর্যায়ে ফারুক ক্ষুব্ধ হয়ে বলেন, তুই আর তর দুয়াতির আমারে দেখতে নায়। এরপর তিনি হাতে থাকা মোবাইল ফোন আছড়ে ফেলেন, এতে সেটি ভেঙে যায়।

আজিজুন নেছা বলেন, তার পুত্রবধূ তখন তাকে বলেছিল, উনার খুব রাগ উঠেছে, আপনার মোবাইলটা সরিয়ে রাখেন। কিছুক্ষণ পর তারা গোঙানির শব্দ শুনতে পান। পরে ঘরে গিয়ে দেখেন তিনি কীটনাশক পান করেছেন। পরিবারের সদস্যরা ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে সেখান থেকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয়।

ফারুক আহমদের মৃত্যুর ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তার আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী বারবার অসুস্থ হয়ে পড়ছেন। শুক্রবার বিকেলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। এ ঘটনায় রাজনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদ উদ্দীন ভূইয়া বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। সুদের টাকার বিষয়টি তারা শুনেছেন। পরিবারের পক্ষ থেকে আঘাতের দাগ থাকার কথাও বলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর সেটি পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article